রাঙ্গামাটির লংগদু উপজেলায় প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন ইউনাইটেড পিপলস ডেমোক্র্যাটিক ফ্রন্টের (ইউপিডিএফ) কর্মী পবিত্র চাকমাকে (৪২) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা সদরের ভূইয়োছড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন লংগদু থানার ওসি রঞ্জন কুমার সামন্ত।
পবিত্র চাকমা ভূইয়োছড়ার পার্শ্ববর্তী গ্রাম ধর্মপাড়ার বাসিন্দা ও শান্তিপ্রিয় চাকমার ছেলে। তার লাশ ময়নাতদন্তের জন্য রাঙ্গামাটি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি রঞ্জন।
ইউপিডিএফের প্রচার ও প্রকাশনা বিভাগের প্রধান নিরন চাকমা বলেন, ‘মঙ্গলবার দুপুর ১টার দিকে পবিত্র চাকমা ও অন্য এক ইউপিডিএফ সদস্য সাংগঠনিক কাজে ভূইয়োছড়ায় (ডানে লংগদু) গেলে মহালছড়ির মুবাছড়ি থেকে ১০-১২ জন সংস্কারবাদী (জেএসএস-এমএন লারমা) সশস্ত্র সদস্য তাদের ওপর অতর্কিত গুলি চালায়। এতে ঘটনাস্থলে পবিত্র চাকমা নিহত হন। অন্যজন অক্ষত অবস্থায় নিরাপদ স্থানে সরে যেতে সক্ষম হন।’
তবে অভিযোগ অস্বীকার করেছেন জনসংহতি সমিতির (এমএন লারমা) লংগদু উপজেলা সভাপতি অলঙ্গ চাকমা। তিনি বলেন, ‘এ সম্পর্কে আমরা কিছুই শুনিনি। তাদের সংগঠনের (ইউপিডিএফ) মধ্যে অনেক সমস্যা রয়েছে। তারাই তাদের কর্মীকে হত্যা করতে পারে। এতে আমরা জড়িত নই।’
