পুলিশের কোনো সদস্য মাদকের সঙ্গে যুক্ত থাকলে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া। গতকাল মঙ্গলবার সকালে রাজধানীর বাড্ডার আফতাব নগর এলাকায় পুলিশ সেবা সপ্তাহ-২০১৯ ও সিসি ক্যামেরা কন্ট্রোলরুমের উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
ডিএমপি কমিশনার বলেন, ‘পুলিশের কোনো সদস্য যদি মাদকের সঙ্গে যুক্ত থাকে, পৃষ্ঠপোষকতা অথবা সহায়তা করে, তাহলে তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেওয়া হবে। যাতে অন্যরাও দেখে ভয় পায়।’ অপরাধশূন্য করতে হলে নগরীতে সিসি ক্যামেরা বসানোর বিকল্প নেই উল্লেখ করে তিনি বলেন, ‘গুলশান, বনানী, বারিধারায় সিসি ক্যামেরা বসানোর ফলে অপরাধ প্রায় শূন্যের কোটায় এসেছে। তারই ধারাবাহিকতায় আফতাব নগরে ১০০টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। পুরো আফতাব নগর এলাকায় এখন থেকে আর অপরাধ থাকবে না।’
ঢাকা শহরের অপরাধ কমানোর জন্য ৮০ লাখ নাগরিকের তথ্যসংবলিত একটি ডেটাবেইস তৈরি করা হয়েছে বলে জানান কমিশনার।
