সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩০ সহকারী শিক্ষকের ঢাকা মহানগরীতে বদলি আদেশ বাতিল করেছে ঢাকা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। বদলি প্রক্রিয়া যথাযথ না হওয়ায় গত ২৪ জানুয়ারি ঢাকা জেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে বদলি বাতিল আদেশ জারি করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে কয়েক কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, সাবেক মহাপরিচালক আবু হেনা মোস্তফা কামালের নির্দেশে চলতি মাসের বিভিন্ন সময়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩০ সহকারী শিক্ষককে ঢাকা মহানগরীর বিভিন্ন বিদ্যালয়ে বদলি করা হয়। যথাযথ প্রক্রিয়ায় এসব বদলি না হওয়ায় গত ২৪ জানুয়ারি ঢাকা জেলা শিক্ষা কর্মকর্তার (ডিপিও) স্বাক্ষরে বদলি আদেশ বাতিল করা হয়েছে।
আদেশে বলা হয়েছে, মন্ত্রণালয়ের নির্দেশে জানুয়ারি মাসে ঢাকা মহানগরের মধ্যে বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক বদলি আদেশ বাতিল করা হলো। এ বিষয়ে পরবর্তী সময়ে বিবেচনা করা হবে। ফলে ঢাকার বিভিন্ন উপজেলা থেকে বদলি হওয়া শিক্ষকদের পুনরায় আগের কর্মস্থলে যোগদান করতেও বলা হয়েছে।
