দুই খুনে এমপি-পুত্রের যাবজ্জীবন কারাদণ্ড

আপডেট : ৩০ জানুয়ারি ২০১৯, ০৩:২৭ পিএম

রাজধানীর ইস্কাটনে জোড়া খুনের মামলায় সংসদ সদস্য (এমপি) পিনু খানের ছেলে বখতিয়ার আলম রনিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৬ মাস কারাভোগ করতে হবে।

বুধবার বিকেল ৩টায় ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মঞ্জুরুল ইমাম এ রায় ঘোষণা করেন।

ঘটনার সময় রনি নেশাগ্রস্ত থাকায় তাকে সর্বোচ্চ সাজা তথা মৃত্যুদণ্ড দেওয়া হয়নি বলে রায়ে উল্লেখ করেছেন বিচারক।

রায় ঘোষণার আগে আসামি বখতিয়ার আলম রনিকে দুপুর ২টা ৫৫ মিনিটে আদালতে আনা হয়।

মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১৫ সালের ১৩ এপ্রিল গভীর রাতে নিউ ইস্কাটনে মদ্যপ অবস্থায় আসামি রনি নিজ গাড়ি থেকে এলোপাতাড়ি গুলি ছোড়েন। এতে রিকশাচালক হাকিম ও অটোরিকশাচালক ইয়াকুব আলী আহত হন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৫ এপ্রিল হাকিম এবং ২৩ এপ্রিল ইয়াকুবের মৃত্যু হয়।

এ ঘটনায় হাকিমের মা মনোয়ারা বেগম রাজধানীর রমনা থানায় অজ্ঞাত পরিচয়ের কয়েকজনকে আসামি করে মামলা করেন। পরে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা ৩১ মে এলিফ্যান্ট রোডের বাসা থেকে রনিকে গ্রেপ্তার করে। পরে ২০১৫ সালের ২১ জুলাই রনিকে একমাত্র আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) পরিদর্শক দীপক কুমার দাস। মামলায় ৩৭ সাক্ষীর মধ্যে বিভিন্ন সময়ে ২৮ জন আদালতে সাক্ষ্য দেন।

গত ১৫ জানুয়ারি মামলাটি রনির পক্ষে অধিকতর যুক্তিতর্ক উপস্থাপন শুনানি শেষে বিচারক রায়ের জন্য ৩০ জানুয়ারি দিন ধার্য করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত