ধারের টাকা ফেরত না দেওয়ায় গুলি করে খুন করা হয়েছে এক ব্যক্তিকে। দিল্লির কাছে রোহিণী জেলার বেগমপুর এলাকায় সোমবার এ ঘটনা ঘটে।
এনডিটিভি জানায়, রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা এক সন্দেহজনক গাড়ির ভিতর থেকে এক ব্যক্তির গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুজন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায়, গাড়ির ভেতরে একটি মৃতদেহ পড়ে আছে বলে জানানো হয় তাদের। গাড়ির ভিতর থেকে উদ্ধার করা হয় কার্তুজের খোল। নিহতের নাম শ্রীপাল।
এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে মঙ্গেশ (২৪) ও ধর্মেন্দ্র (২০) নামে দুই তরুণকে গ্রেপ্তার করা হয় বলে জানায় পুলিশ। হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রটিও উদ্ধার করা হয় তাদের কাছ থেকে।
পুলিশি জিজ্ঞাসাবাদে ওই দুই তরুণ স্বীকার করে যে, শ্রীপাল তাদের থেকে ১২ লাখ রুপি ধার করেছিল। কিন্তু সেই টাকা কিছুতেই ফেরত দিচ্ছিল না শ্রীপাল। এ দু'পক্ষের মধ্যে কোন্দলের এক পর্যায়ে প্রত্যন্ত অঞ্চলে ধরে নিয়ে গিয়ে তাকে গুলি করা হয়।
