নিখোঁজের নাটক সাজিয়ে ৭২ দিন আত্মগোপন!

আপডেট : ৩০ জানুয়ারি ২০১৯, ০৯:০৭ পিএম

কেরানীগঞ্জ থেকে লাপাত্তা হওয়ার ৭২ দিন পর গত সোমবার লতিফ মাতবরকে উদ্ধার করেছে পুলিশ। চট্টগ্রামের বাকুলিয়া থেকে তাকে উদ্ধার করে পিবিআই ঢাকা জেলার সদস্যরা।

বুধবার তাকে উদ্ধারের বিষয়টি দেশ রূপান্তরকে নিশ্চিত করেছে পিবিআই এর পুলিশ পরিদর্শক মো. মনির হোসেন।

পিবিআই জানায়, গত ১৭ নভেম্বর থেকে আত্মগোপনে গিয়ে নিখোঁজ হওয়ার নাটক সাজায় লতিফ মাতবর। সে শরীয়তপুরের জাজিরার মুন্সীকান্দি গ্রামের মকবুল মাতবরের ছেলে। প্রতিপক্ষকে ঘায়েল করতে এই নিখোঁজ নাটক সাজায় বলে দাবি করে পুলিশ।

মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই ঢাকা জেলার পুলিশ পরিদর্শক মো. মনির হোসেন দেশ রূপান্তরকে বলেন, ‘লতিফ মাতবরের মাওয়াতে বালির ব্যবসা ছিল। সেখানে টাকা লেনদেনকে কেন্দ্র করে প্রতিপক্ষকে ঘায়েল করতে নিখোঁজ নাটক সাজিয়ে মামলা দেওয়া হয়।’

তিনি আরও বলেন, ‘এ বিষয়ে লতি মাতবর আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।’     

মামলা সূত্রে জানা গেছে, ‘গত বছরের ১৭ নভেম্বর লতিফ মাতবর কেরানীগঞ্জের বাড়ি থেকে বের হয়ে আর বাসায় ফেরেনি। তার স্ত্রী পারুল বেগম প্রথমে কেরানীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পরে আদালতের মাধ্যমে চারজনকে আসামি করে একটি অপহরণ মামলা করেন। মামলাটি আদালতের নির্দেশে পিবিআই তদন্ত করে’।

পিবিআই সূত্রে জানা গেছে, মামলার তদন্তের দায়িত্ব পাওয়ার পর তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে লতিফ মাতবরের অবস্থান নিশ্চিত হয় পুলিশ। এরপর চট্টগ্রাম জেলার বাকলিয়া থানা এলাকার ভেড়া মার্কেট বস্তিতে অভিযান চালিয়ে আত্মগোপনে থাকা লতিফকে উদ্ধার করে।

অভিযানে পিবিআই চট্টগ্রাম মেট্রো সহায়তা করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত