আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ক্ষমতাসীন দল থেকে হোমনা উপজেলায় চেয়ারম্যান পদে মনোনয়ন পেতে এলাকায় জনসংযোগ ও কেন্দ্রে জোর লবিং চালিয়ে যাচ্ছেন আওয়ামী লীগের প্রায় এক ডজন নেতাকর্মী।
গত উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদগুলো বিএনপির দখলে থাকলেও আসন্ন নির্বাচনে দলটির কোনো প্রার্থীকে মাঠে দেখা যাচ্ছে না। এখানে জাতীয় পার্টির দলীয় কার্যক্রম প্রায় নেই বললেই চলে। ফলে নৌকার মনোনয়ন প্রত্যাশীরা প্রচার ও গণসংযোগের পাশাপাশি আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের পেছনে ছুটছেন। নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই হোটেল-রেস্তোরাঁ, হাটে-ঘাটে, চায়ের দোকানে চলছে নির্বাচনী আলোচনা। কে হতে পারে আগামী উপজেলা পরিষদ নির্বাচনে যোগ্য প্রার্থী? আলোচিত প্রার্থীদের নিয়ে এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো সরব হয়ে উঠছে। অলিতে-গলিতেও শোভা পাচ্ছে প্রার্থীদের ব্যানার-ফেস্টুন ও ছোট ছোট পোস্টার।
চেয়ারম্যান পদে ক্ষমতাসীন দলের সম্ভাব্য প্রার্থীদের মধ্যে আলোচনায় আছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ কে এম ছিদ্দিকুর রহমান আবুল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহ আলম, সহ-সভাপতি হাবিবুর রহমান, সাবেক ভাইস চেয়ারম্যান মো. ফজলুল হক, উপজেলা আওয়ামী লীগের সদস্য রোস্তম আলম স্বপন, সাবেক ইউপি চেয়ারম্যান শহিদ উল্লাহ, উপজেলা যুবলীগের সভাপতি মো. নজরুল ইসলাম, জেলা পরিষদ সদস্য মহিউদ্দিন খন্দকার, বঙ্গবন্ধু যুব পরিষদের সভাপতি সিরাজুল ইসলাম এবং মোহসিন হাবিব ভুইয়া।
