নিজস্ব প্রতিবেদক
প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে ট্রেনের টিকিট কালোবাজারি রোধসহ মানসম্মত যাত্রীসেবা দেওয়া সম্ভব বলে মন্তব্য করেছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। গতকাল বুধবার ঢাকার রেল ভবনে রেলপথ মন্ত্রণালয় এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের যৌথ আয়োজনে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
বাংলাদেশ রেলওয়ের সেবাগুলোকে ডিজিটালাইজড করার বিষয়ে সুজন বলেন, ‘প্রযুক্তি ছাড়া উন্নয়ন সম্ভব নয়। প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কালোবাজারি রোধসহ যাত্রীদের সার্বিক সেবা দেওয়া সম্ভব। বর্তমানে রেলওয়ের বেশ কিছু সেবা অনলাইন ও এসএমএসের মাধ্যমে প্রদান করা হচ্ছে।’
সভায় তথ্যপ্রযুক্তির ব্যবহার করে রেলওয়ের বর্তমান সেবাকে আরও জনবান্ধব ও সহজতর করার লক্ষ্যে আইসিটি বিভাগ ও রেলপথ মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে একটি জনবান্ধব সমন্বিত ডিজিটাল প্ল্যাটফরম ও মোবাইল অ্যাপ তৈরির বিষয়ে আলোচনা হয়। বাংলাদেশ রেলওয়ের সব সেবাকে একটি মোবাইল অ্যাপের মাধ্যমে দ্রুত সময়ে ও সহজে জনগণের হাতে পৌঁছে দিতে সর্বাধুনিক প্রযুক্তির বিভিন্ন দিক নিয়েও মতবিনিময় করা হয়।
ইন্টিগ্রেটেড (সমন্বিত) রেলওয়ে অ্যাপ বাস্তবায়িত হলে একজন নাগরিক তার হাতে থাকা মোবাইল ফোন ব্যবহার করেই ট্রেনে সিট বাছাই থেকে শুরু করে বুকিং ও টিকিটের মূল্য পরিশোধ করতে পারবেন। পাশাপাশি স্টেশন, ট্রেনের অবস্থান, গন্তব্যের দূরত্বের মতো বিষয়গুলো সহজেই জানতে পারবেন।
ওই অ্যাপের মাধ্যমে ট্রেনের ভেতর খাবারের ফরমায়েশ করা যাবে; অনাকাক্সিক্ষত পরিস্থিতিতে রেল পুলিশের সহযোগিতার জন্য অভিযোগ করা যাবে। প্রস্তাবিত ব্যবস্থাটি শারীরিক প্রতিবন্ধীরাও সহজে ব্যবহার করতে পারবেন।
সভায় রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোফাজ্জেল হোসেন, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক কাজী রফিকুল আলম ও অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্পের পরিচালক মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।
