ফেনীর ছাগলনাইয়ায় দুই ডাকাতদলের গোলাগুলিতে একজন নিহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে। বৃহস্পতিবারের এ ঘটনায় গুলিবিদ্ধ আরও একজনসহ দু'জনকে আটক করেছে পুলিশ।
ঘটনাস্থল থেকে এ সময় উদ্ধার করা হয়েছে ৫ রাউন্ড গুলি, ১টি বন্দুক ও ডাকাতির সরঞ্জাম।
ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এমএম মুর্শেদ জানান, বৃহস্পতিবার ভোরে দু'দল ডাকাতের মধ্যে বন্দুকযুদ্ধের খবর পেয়ে উপজেলার বেতাগা প্রজেক্ট এলাকা অভিযান চালায় পুলিশ।
পুলিশের উপস্থিতি টের পেয়ে দলের অপর সদস্যরা পালিয়ে গেলেও ধাওয়া করে ফারুক নামের এক ডাকাতকে আটক করা হয়।
ওসি জানান, এর আগে দুই দলের বন্দুকযুদ্ধে মহিউদ্দিন সবুজ ওরফে সবুজ ডাকাত নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ফেনী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এছাড়া ডান পায়ে গুলিবিদ্ধ অবস্থায় ডাকাতদলের সদস্য পলাশকেও উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে পাঠানো হয়।
নিহত সবুজ থানার তালিকাভুক্ত সন্ত্রাসী ও আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। তার বিরুদ্ধে চুরি, ডাকাতি, অস্ত্রসহ ৮টি মামলা রয়েছে বলে ওসি জানান।
সবুজ ছাগলনাইয়া পৌরসভার বাঁশপাড়া ওয়ার্ডের আব্দুল মোতালেব ওরফে তালেব চোরার ছেলে।
গুলিবিদ্ধ পলাশ নোয়াখালী জেলার কবিরহাট উপজেলার থানারহাট গ্রামের নূরুল হকের ছেলে। আটক ফারুকের বাড়ি ফেনীর দাগনভূঞা উপজেলায়।
