নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পেটে ২৪ শ পিস ইয়াবা বহনকারী একই পরিবারের তিন মাদক পাচারকারীকে আটক করেছে র্যাব ১১’র একটি দল। বৃহস্পতিবার সকালে সদর উপজেলার সিদ্ধিরগঞ্জ থানার হিরাঝিল এলাকার একটি বাড়িতে র্যাব এ অভিযান চালায়।
আটককৃতরা হলো বিল্লাল, তার স্ত্রী লিপি ও তাদের ছেলে অয়ন। আটকরা দীর্ঘদিন টেকনাফ এবং কক্সবাজার থেকে পেটে বিশেষ পদ্ধতিতে ইয়াবা বহন করে ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে পাচার করে আসছে বলে র্যাব জানিয়েছে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে সিদ্ধিরগঞ্জ থানাধীন হিরাঝিল এলাকায় বিসমিল্লাহ হাউস নামের একটি বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় বিল্লালকে আটক করা হয়। তাকে স্থানীয় একটি ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করলে পেটে ইয়াবার অস্তিত্ব পাওয়া যায়। পরে পায়ুপথ দিয়ে ২২ শ পিস ইয়াবা বিশেষ কৌশলে বের করা হয়। তার বাসায় তল্লাশি করে আরো ২ শ পিস ইয়াবা উদ্ধার হয়।
র্যাব জানায়, মাদক পাচারের সম্পৃক্ত থাকার অভিযোগে বিল্লালের স্ত্রী লিপি ও ছেলে অয়নকে আটক করা হয়েছে।
এ ব্যাপারে আটককৃত তিনজনের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে র্যাব জানায়।
