শীতে যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা ‘বাড়তে পারে’

আপডেট : ৩১ জানুয়ারি ২০১৯, ০৯:৫৪ পিএম

যুক্তরাষ্ট্রের মধ্যপশ্চিমাঞ্চলে তাপমাত্রা কয়েক দশকের মধ্যে সর্বনিম্ন রেকর্ড ছাড়িয়েছে। বৃহস্পতিবার বিবিসি জানিয়েছে, ভয়াবহ এই পরিস্থিতিতে আটজন মারা গেছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

প্রায় ২৫০ মিলিয়নের মতো মানুষ ঠান্ডার সমস্যায় পড়েছেন। এদিন আমেরিকার তৃতীয় বড় শহর শিকাগোয় -৩২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। ১৯৮৫ সালের পর এমন পরিস্থিতি এই অঞ্চলে দেখা যায়নি।

এ ছাড়া নিউইয়র্কে ঘণ্টায় ১২ সেন্টিমিটার তুষারপাত হচ্ছে। শুক্রবার নাগাদ তাপমাত্রা একটু বাড়তে পারে।

ঠান্ডার কারণে নাগরিকদের জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া বিভাগ। দুর্ভোগে পড়া মানুষদের সাহায্যে চলছে পুলিশের তৎপরতা। রাতে তাপমাত্রা ভয়াবহরকম কমে যেতে পারে শঙ্কায় দ্রুত কাজ করছেন তারা। পরবর্তী ৪৮ ঘণ্টায় বরফ জমে রাস্তাঘাট যেন আটকে না যায়, সেই চেষ্টা চালাচ্ছেন।

লোয়া ইউনিভার্সিটির এক শিক্ষার্থীর ঠান্ডার ভেতর করুণ মৃত্যু হয়েছে। ক্যাম্পাসের পেছনে বুধবার তাকে পড়ে থাকতে দেখা যায়। পরে হাসপাতালে তিনি মারা যান।

এ ছাড়া ডেট্রয়েটের এক ৭০ বছর বয়সী বাসিন্দা বাড়ির সামনে মৃত্যুবরণ করেন। তিনি প্রবল ঠান্ডার শিকার বলে জানিয়েছে পুলিশ। এই অঞ্চলে আরো একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ছাড়া নর্দান ইন্ডিয়ানায় তুষারঝড়ের কবলে পড়ে এক দম্পতি মারা গেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত