কড়াকড়ি ভুয়া ভিডিওতে

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০১৯, ১১:৫০ পিএম

‘ষড়যন্ত্র’ বন্ধ করতে ভুয়া ভিডিওর প্রচার ঠেকানোর পরিকল্পনা করছে ভিডিও দেখা এবং শেয়ার করার সবচেয়ে জনপ্রিয় ওয়েবসাইট ইউটিউব। এ জন্য রিকমান্ডেশন অ্যালগরিদমে পরিবর্তন আনবে প্রতিষ্ঠানটি।

ইউটিউবে কোনো স্বীকৃত চ্যানেলের নিউজ দেখার সময় প্রায়ই ভুয়া চ্যানেলের ভিডিও রিকমান্ডেশনে চলে আসে, যা সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ায়। এক ব্লগ পোস্টে ইউটিউব জানিয়েছে, পুরোপুরি নিয়ম লঙ্ঘন না করলেও কিছু ভিডিও অসত্য তথ্য দিয়ে বিভ্রান্তি ছাড়ায়। খুব দ্রুত এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

প্রাথমিকভাবে অল্প পরিসরে ইউটিউব ভুয়া ভিডিও ঠেকানোর পদক্ষেপ নিচ্ছে। প্রথমে এক শতাংশের কম ভিডিও শনাক্ত করা হবে। তাও ইংরেজি ভাষার। এর মধ্যে কোনো ভিডিও ইউটিউব ডিলিট করবে না। কেউ চাইলে সার্চ করে ওইসব ভিডিও দেখতে পারবেন। ইউটিউবের পক্ষ থেকে বলা হয়েছে, ‘আমরা মনে করি এই পরিবর্তন বাক্স্বাধীনতা এবং ব্যবহারকারীদের প্রতি আমাদের দায়িত্বের মধ্যে একটি ভারসাম্য আনবে।’ হিংসাত্মক ভিডিও ফেইসবুক কখনোই সমর্থন করে না। কিন্তু ষড়যন্ত্র ছড়ানোর ভিডিও ঠেকাতে এর আগে খুব একটা উদ্যোগ নেয়নি প্রতিষ্ঠানটি।

বিশে^ষকদের বরাত দিয়ে ওয়াশিংটন পোস্ট তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, মিথ্যা তথ্য ঠেকাতে ইউটিউবের নীতিমালা পর্যাপ্ত নয়। তাদের নিজেদের সফটওয়্যারই এসব ভিডিও ছড়াতে সাহায্য করে।

ব্যবহারকারী আগে কী ভিডিও দেখেছেন, সেটির ওপর ভিত্তি করে ইউটিউবের রিকমান্ডেশন ফিচার নতুন ভিডিও দেখার সংকেত দেয়।  ‘ওয়াচ টাইম’ অথবা কত মানুষ একটি ভিডিও দেখেছেন সেটি পর্যালোচনা করে ওই অ্যালগরিদম। যদি কোনো ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত অনেকবার দেখা হয় সেটিকে ‘হাই-কোয়ালিটি ভিডিও’ হিসেবে গণ্য করা হয়। তখন স্বয়ংক্রিয়ভাবে অন্যদের কাছে এগুলো ছড়াতে থাকে।

নির্ভরযোগ্য ভিডিও আগে দেখাতে ২০১৬ সাল থেকে প্রতিষ্ঠানটি লাইক, ডিজলাইক এবং অন্য মেট্রিক্স রিকমান্ডেশন সিস্টেমে যোগ করে। কিন্তু তাতেও লাভ হয়নি। মূলধারার ভিডিও দেখার সময় হুট করেই ভুয়া ভিডিও রিকমান্ডেশনে নিয়ে আসে ইউটিউব।

ব্রেকিং নিউজের সময় ষড়যন্ত্র ঠেকাতে সম্প্রতি ইউটিউব তাদের সফটওয়্যার উন্নত করেছে। ফেব্রুয়ারিতে পার্কল্যান্ড স্কুলে বন্দুক হামলার পর ইউটিউবে নানা গুজব ছড়িয়ে পড়ে। মিথ্যা তথ্যের সব ভিডিও লাখ লাখ ভিউ হয়।ছয় মাস আগে প্রতিষ্ঠানটি বিভিন্ন কনটেন্ট মূল্যায়ন করতে কর্মী নিয়োগ দেয়। তাদের থেকে ফিডব্যাক নিয়ে অ্যালগরিদমকে নতুন করে সাজানো হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত