কিশোরগঞ্জ-১ (সদর ও হোসেনপুর) আসনের পুনর্নির্বাচনে ক্ষমতাসীন দলের প্রধান প্রতিদ্বন্দ্বী দল হিসেবে মাঠে থাকবে জাপা ও গণতন্ত্রী পার্টি। জেলা নির্বাচন কর্মকর্তা তাজুল ইসলাম জানান, আওয়ামী লীগ প্রার্থী ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি গত বুধবার জমা দেন। জাতীয় পার্টির মো. মোস্তাইন বিল্লাহ ও গণতন্ত্রী পার্টির ভূপেন্দ্র ভৌমিক দোলন গত বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দেন।
এদিকে এ নির্বাচনে বিএনপির কোনো প্রার্থী না থাকায় বাড়তি সুবিধা নিতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন জাপা ও গণতন্ত্রী পার্টি। বিএনপির ভোটব্যাংক কাজে লাগাতে গত শুক্রবার থেকে মাঠে নেমেছেন মোস্তাইন বিল্লাহ ও ভূপেন্দ্র ভৌমিক দোলন। এলাকায় মতবিনিময় সভার পাশাপাশি বিএনপির নেতাকর্মী ও ভোটারদের সঙ্গে যোগাযোগ রাখছেন। ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি বলেন, ‘আমি নির্বাচিত হলে ভাইয়ের আদর্শ অনুসরণ করে মানুষের জন্য কাজ করে যাব।’ জাতীয় পার্টির প্রার্থী মো. মোস্তাইন বিল্লাহ বলেন, নির্বাচন সুষ্ঠু হলে জয়ের ব্যাপারে তিনি শতভাগ আশাবাদী। জেলা গণতন্ত্রী পার্টির সভাপতি ভূপেন্দ্র ভৌমিক দোলন আশা করেন এই নির্বাচনে প্রতিনিধি হিসেবে ভোটাররা তাকেই বেছে নেবেন।গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সৈয়দ আশরাফুল ইসলাম থাইল্যান্ডে চিকিৎসাধীন থেকেও বিপুল ভোটের ব্যবধানে কিশোরগঞ্জ-১ আসনে জয়লাভ করেন। কিন্তু শপথ নেওয়ার আগেই গত ৩ জানুয়ারি থাইল্যান্ডের একটি হাসপাতালে তার মৃত্যু হয়।
আসনটিতে আগামী ২৮ ফেব্রুয়ারি ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করে গত ২২ জানুয়ারি পুনর্নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।
