যুবলীগ কর্মী খুনের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৪

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৯, ১১:৫৫ পিএম

চট্টগ্রাম নগরীর আকবর শাহ থানার বেলতলী ঘোনা এলাকায় মো. মাসুদ (২৮) নামে এক যুবলীগ কর্মীকে ছুরিকাঘাত করে খুনের ঘটনায় ১৩ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন নিহতের স্ত্রী নুর নাহার বেগম।

শুক্রবার সন্ধ্যায় মাসুদ খুন হয় তিনি আকবর শাহ মাজার এলাকার আবুল বাশারের পুত্র। আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত স্থানীয় কাউন্সিলর জহুরুল হক জসিমের অনুসারী হিসেবে যুবলীগ কর্মী মাসুদ এলাকায় পরিচিত।

আকবার শাহ থানার ওসি জসীম উদ্দিন দেশ রূপান্তরকে জানান, এ ঘটনায় ২ ফেব্রুয়ারি শনিবার দুপুরে  নিহত মো. মাসুদের স্ত্রী নুর নামার বেগম বাদী হয়ে আবু বকরসহ ১৩ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেছে। এ ঘটনায় পুলিশ ৪ জনকে গ্রেপ্তার করেছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানান তিনি

আকবর শাহ থানা এলাকার আবদুল জলিলের সঙ্গে বিরোধে মাসুদকে খুন করার প্রাথমিক তথ্য পেয়েছে পুলিশ। আবদুল জলিলের ছেলে আবু বক্করের নেতৃত্বেই মাসুদ খুন হয়েছে বলে জানান স্থানীয় থানার ওসি জসীম উদ্দিন। তিনি জানান আবু বক্করকে গ্রেপ্তার করলেই বিস্তারিত ঘটনা জানা যাবে।

তিনি আরও বলেন , শুক্রবার সন্ধ্যা আকবর শাহ বেলতলী ঘোনা ফারুক চৌধুরীর মাঠ এলাকায় আওয়ামী লীগের সাইনবোর্ড লাগানো এক কাউন্সিলরের অফিসে বসে আড্ডা দিচ্ছিলেন মাসুদসহ ৫-৬ যুবক।  এ সময় অস্ত্রসহ পার্টি অফিসে ৭-৮ জন যুবক তাদের ওপর হামলা চালায়, এতে মাসুদ ছুরিকাহত হয়।

মাসুদকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। মাসুদের মাথায় আঘাত এবং পেটে ছুরিকাঘাতের চিহ্ন আছে বলে জানান চমেক পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত