সাংবাদিকদের কাদের সিদ্দিকী

শপথ নিলে পাবলিক ধরে টুকরো টুকরো করতে পারে

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৯, ০২:১৩ এএম

বর্তমান নির্বাচন কমিশনের অধীনে আর কোনো নির্বাচনে অংশ নেবে না জাতীয় ঐক্যফ্রন্টের শরিক দল কৃষক শ্রমিক জনতা লীগ। গতকাল শনিবার রাজধানীর মতিঝিলে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে  বর্ধিত সভা শেষে দলটির প্রতিষ্ঠাতা সভাপতি কাদের সিদ্দিকী সাংবাদিকদের এ কথা জানান। এ সময় উপস্থিত ছিলেন দলের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল সিদ্দিকী প্রমুখ। কাদের সিদ্দিকী বলেন, দলের সিদ্ধান্ত অনুযায়ী দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচনে কৃষক শ্রমিক জনতা লীগ অংশগ্রহণ করবে না।

সুলতান মনসুরের শপথ নেওয়ার ব্যাপারে কাদের সিদ্দিকী বলেন, তিনি ভাবতে পারেন শপথ নেওয়ার কথা। কিন্তু জনগণ ভাবতে পারে না যে তিনি নির্বাচিত বা শপথ নিতে পারেন। ২০১৮ সালের ৩০ ডিসেম্বর কোনো নির্বাচন হয়নি, ভোট হয়নি। তাই তাদের শপথ নেওয়ার কোনো কথা আসে না। আইয়ুব খানের বুনিয়াদি গণতন্ত্রের মেম্বারদের গণরোষে পড়ার দৃষ্টান্ত তুলে ধরে কাদের সিদ্দিকী বলেন, আজকে যারা শপথ নিতে চাচ্ছেন, পাবলিক তাদের রাস্তায় ধরে টুকরো টুকরো করে ফেলতে পারে। যদি তারা জনগণের বিরুদ্ধে যান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত