তিন দিনের সফরে জার্মানি যাচ্ছেন প্রধানমন্ত্রী

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৯, ০৪:০৫ এএম

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা তিন দিনের সফরে আগামী ১৪ ফেব্রুয়ারি জার্মানি যাচ্ছেন। জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেলের আমন্ত্রণে তিনি মিউনিখ সিকিউরিটি কনফারেন্সে যোগ দেবেন। চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হওয়ার পর এটাই প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর।পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, জার্মানি থেকে ফেরার পথে এক সামরিক প্রদর্শনীতে যোগদান করবেন প্রধানমন্ত্রী এবং দ্বিপক্ষীয় বৈঠকে যোগ দিতে আগামী ১৭ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাত সফরে যাবেন তিনি। সফরসঙ্গী হিসেবে থাকবেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন দেশ রূপান্তরকে তারিখ উল্লেখ না করে বলেন, জার্মানি সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী। সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেলের সঙ্গে শেখ হাসিনার দ্বিপক্ষীয় বৈঠকের সম্ভাবনা রয়েছে।

এদিকে শেখ হাসিনার আসন্ন জার্মানি সফরকে ঘিরে বঙ্গবন্ধু ফাউন্ডেশন জার্মানি শাখা ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। বঙ্গবন্ধু ফাউন্ডেশন জার্মানি শাখার সভাপতি ইউনুস আলী খান ফাউন্ডেশনের সকল সদস্যকে মিউনিখে উপস্থিত হয়ে প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানানোর অনুরোধ করেছেন।

উল্লেখ্য, ২০০৯ সালে সরকার গঠনের পর প্রথম বিদেশ সফরে সৌদি আরব গিয়েছিলেন শেখ হাসিনা। ২০১৪ সালে তিনি মিয়ানমারে প্রথম সফর করেন। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত