আসন্ন পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে শুধু চেয়ারম্যান পদে একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন দেবে না তারা। গত বুধবার দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এক বিবৃতিতে এ কথা জানান। যেখানে উপজেলা পরিষদ আইনে বলা আছে, ভাইস চেয়ারম্যান প্রার্থীকেও রাজনৈতিক দল কর্র্তৃক মনোনীত হতে হবে; নতুবা স্বতন্ত্র হতে হবে। ক্ষমতাসীন দলটির কেন্দ্রীয় নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ‘কৌশলগত কারণে’ আইনে স্বতন্ত্র হিসেবে যে ফাঁক রয়েছে সেটিই গ্রহণ করবে আওয়ামী লীগ।
আইনের ১৬ (ক) ধারা ৮ এর বিধানে বলা হয়েছে, কোনো উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনে অংশগ্রহণের জন্য কোনো ব্যক্তিকে কোনো রাজনৈতিক দল কর্র্তৃক মনোনীত বা স্বতন্ত্র হইতে হইবে। মহিলা ভাইস চেয়ারম্যান নিয়ে এই ধারায় কোনো কথা বলা হয়নি। দলের দপ্তর থেকে পাঠানো ওই বিবৃতিতে ওবায়দুল কাদের আরও জানান, আওয়ামী লীগ সভাপতি ও দলটির স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে একক প্রার্থী মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে স্থানীয় সরকার মনোনয়ন বোর্ড। তবে উপজেলা ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী মনোনয়ন দেবে না মনোনয়ন বোর্ড।দলের কেন্দ্রীয় কয়েকজন নেতা দেশ রূপান্তরকে বলেন, ভাইস চেয়ারম্যান পদে দলীয়ভাবে মনোনয়ন দেওয়ার
বিষয়টি আইনে থাকলেও এবার বিষয়টি আওয়ামী লীগ এড়িয়ে যেতে চায়। কারণ সারা দেশে ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপ্রত্যাশী প্রার্থীর ছড়াছড়ি। সেখান থেকে এই পদে যাচাই-বাছাই করা কঠিন কাজ। তাছাড়া বিএনপি এই নির্বাচনে আসবে না। ফলে এই নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করতে এ পদের নির্বাচন উন্মুক্ত রাখতে চায় আওয়ামী লীগ। এর মধ্য দিয়ে নির্বাচনের আমেজ তৈরি হবে। অংশগ্রহণমূলক ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের যে লক্ষ্য তা বাস্তবায়ন হবে। মূলত এজন্যই এই কৌশল গ্রহণ করেছে আওয়ামী লীগ। ওই নেতারা জানান, সারা দেশে চেয়ারম্যানের চেয়ে ভাইস চেয়ারম্যান নির্বাচনে মনোনয়নপ্রত্যাশী বেশি। হিসাব করে তারা বলেন, অন্তত ৭০ হাজার মনোনয়নপ্রত্যাশী রয়েছেন ভাইস চেয়ারম্যান পদে। এ পদে উন্মুক্ত রাখা হলে অনেক ‘ঝক্কি-ঝামেলা’ কমে আসবে।
এ প্রসঙ্গে দৃষ্টি আকর্ষণ করলে নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন দেশ রূপান্তরকে বলেন, উপজেলা পরিষদ আইনে ভাইস চেয়ারম্যান পদে দলীয়ভাবে মনোনয়ন দিতে হবেÑ এই আইন থাকলেও কোনো রাজনৈতিক দল যদি মনোনয়ন নাও দেয় আইনের লঙ্ঘন হবে না। তিনি বলেন, উপজেলা চেয়ারম্যান পদে কোনো দল মনোনয়ন না দেওয়ার সিদ্ধান্ত নিতেই পারেন। সেখানেও আইনের ব্যত্যয় ঘটবে না।
ভাইস চেয়ারম্যান পদ নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বিবৃতি নিয়ে জানতে চাইলে ক্ষমতাসীন দলের কোনো নেতা কথা বলতে রাজি হননি। কোনো কোনো আওয়ামী লীগ নেতা উল্টো জানতে চান ভাইস চেয়ারম্যান পদে দলীয়ভাবে নির্বাচন হবে নাÑ এ বক্তব্য কে রেখেছে? জবাবে সাধারণ সম্পাদক বিবৃতির মাধ্যমে বলেছেন জানানো হলে আওয়ামী লীগের কয়েকজন নেতা বলেন, তাহলে বিষয়টি নিয়ে উনার (ওবায়দুল কাদের) সঙ্গে কথা বলেন। এ প্রসঙ্গে জানতে চাইলে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল-আলম হানিফ দেশ রূপান্তরকে বলেন, ভাইস চেয়ারম্যান পদের প্রার্থীর নাম দল থেকে মনোনীত করা হবে নাÑ এই সিদ্ধান্ত আমার জানা নাই।
দলের অন্য যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমান দেশ রূপান্তরকে বলেন, উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থীকে দলীয় মনোনয়ন নিতে হবে আইনে থাকলেও আমরা দলীয়ভাবে এই পদে প্রার্থী মনোনয়ন দেব না। এখানে স্বতন্ত্র প্রার্থী হওয়ার বিধানও রয়েছে। তাই আমাদের দলের প্রার্থীরা স্বতন্ত্রভাবে নির্বাচন করবে। তিনি বলেন, এর মাধ্যমে আইনের ব্যত্যয় ঘটবে না।
