দুই মামলায় খালেদার জামিনের মেয়াদ বাড়লো

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০১৯, ০১:০৬ পিএম

ঢাকা ও নড়াইলের মানহানির দুই মামলায় বিএনপির কারাবন্দী চেয়ারপারসন খালেদা জিয়ার জামিনের মেয়াদ এক বছর বাড়িয়েছে হাইকোর্ট।

এ সংক্রান্ত আবেদনের শুনানি নিয়ে মঙ্গলবার বিচারপতি মুহাম্মদ আবদুল হাফিজ ও বিচারপতি মহিউদ্দিন শামীমের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী এ জে মোহাম্মদ আলী ও কায়সার কামাল।

মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে সংশয় প্রকাশ ও কটূক্তি করে জাতির মানহানির অভিযোগে খালেদা জিয়ার বিরুদ্ধে ঢাকা ও নড়াইলে এ দুটি মামলা দায়ের করা হয়।

এর আগে এ দুটি মামলায় হাইকোর্টের একটি বেঞ্চ বিএনপি চেয়ারপারসনকে ছয় মাসের জামিন দিয়েছিলেন।

ওই জামিনের মেয়াদ শেষ হলে ফের জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন করেন তার আইনজীবীরা।

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় ১০ বছর সাজাপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া গত বছরের ৮ ফেব্রুয়ারি থেকে কারাভোগ করছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত