বাবার লাশ বাড়িতে রেখে পরীক্ষার হলে বিউটি

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০১৯, ০৫:৫৮ পিএম

এসএসসি পরীক্ষার্থী বিউটি আক্তার। সোমবার রাতে তার বাবা হঠাৎ স্ট্রোক করলে তাকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। পরে, মঙ্গলবার ভোররাতে চিকিৎসাধীন অবস্থায়ই মারা যান বিউটির বাবা। মৃত্যুর খবর শোনার পর থেকে পরিবারটিতে নেমে আসে শোকের ছায়া। বাড়ি জুড়ে শুরু হয় পরিবার ও স্বজনদের আহাজারি। এদিকে মঙ্গলবার সকাল দশটা থেকে বিউটির ইংরেজি প্রথমপত্র বিষয়ের পরীক্ষা। তাই বাবার লাশ বাড়িতে রেখেই সহপাঠীদের সহযোগিতায় পরীক্ষা হলে গিয়ে পরীক্ষায় অংশ নিতে হয় বিউটিকে। মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে নেত্রকোনার কলমাকান্দা উপজেলার বড়খাপন গ্রামে।

পরীক্ষার হলে গিয়ে দেখা যায়, বিউটি বাম হাতে চোখের পানি মুছছে আর ডান হাতে কলম ধরে পরীক্ষার খাতায় লিখছে। বিষয়টি জানতে পেরে কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেন পরীক্ষা চলাকালে বিউটির কাছে ছুটে যান। পরীক্ষার্থী বিউটি আক্তারকে সান্ত্বনা জানাতে গিয়ে ভাষাহীন হয়ে পড়েন ইউএনও নিজেও। বিউটি যাতে নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারে এ জন্য তিনি পরীক্ষায় সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

উল্লেখ্য, এসএসসি পরীক্ষার্থী বিউটি আক্তারের বাবা নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার বড়খাপন গ্রামের আনোয়ার হোসেন। তিনি স্থানীয় বড়খাপন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহসভাপতির দায়িত্বে ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত