ফরিদপুরের চরভদ্রাসনের নতুন দোকান ভাঙার মাথাসংলগ্ন পদ্মা নদীতে আকিজ কোম্পানির ২ হাজার ৪৯১ বস্তা সিমেন্ট নিয়ে এমভি শেখ ফরিদ-৩ নামে একটি ট্রলার ডুবে গেছে। গত সোমবার শেষরাতের দিকে ট্রলারডুবির ঘটনা ঘটে।
একতা এন্টারপ্রাইজের ক্যাটরিং কন্ট্রাক্টর নিজাম উদ্দীন বলেন, ‘ট্রলারচালক ইউসুফ দুর্ঘটনার কবলে পড়ে ফোনে বিষয়টি জানান। পরে সিঅ্যান্ডবি ঘাট থেকে ৩০ শ্রমিকসহ তিনটি ট্রলার নিয়ে আমি ৪৫৯ বস্তা সিমেন্ট উদ্ধার করি। বাকি সিমেন্ট পানিতে ভিজে নষ্ট হয়ে গেছে।’
প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা আবু বক্কার (২৫) জানান, গতকাল মঙ্গলবার সকালে বিকট শব্দ শুনে নৌকা নিয়ে ট্রলারের কাছে গিয়ে দেখি পানির নিচে থাকা নারিকেল গাছের গুঁড়ির আঘাতে ট্রলারটি ছিদ্র হয়ে গেছে।
চরভদ্রাসনের নির্বাহী কর্মকর্তা জেসমিন সুলতানা বলেন, গতকাল সকালে ট্রলারডুবির ঘটনা শুনেছি। কেন, কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে, তা দেখার জন্য লোক পাঠিয়েছি।
