ঝাড়ুদার পদে হাজার হাজার প্রকৌশলীর আবেদন!

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০১৯, ০৪:০৫ পিএম

ঝাড়ুদার এবং স্যানিটারি কর্মী পদের জন্য ভারতের তামিলনাড়ুতে কয়েক হাজার প্রকৌশলী এবং এমবিএ ডিগ্রিধারী আবেদন করেছেন! আবেদনকারীদের তালিকায় আছেন এম. টেক, বি.টেক পাস করা শিক্ষার্থীরাও।

এনডিটিভি জানিয়েছে, ২৬ সেপ্টেম্বর তামিলনাড়ুর বিধানসভার সচিবালয়ে ঝাড়ুদার পদে ১০টি এবং স্যানিটারি কর্মী পদে ৪টি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সেখানে মোট আবেদন জমা পড়ে ৪ হাজার ৬শ সাতটি। এর মধ্যে ৬৭৭টি আবেদন বাতিল করা হয়।

যোগ্যতা হিসেবে সুস্বাস্থ্যের অধিকারী এবং কমপক্ষে ১৮ বছর বয়সের শর্ত দেয়া হয়।

ভারতে গত ৪৫ বছরের মধ্যে সবচেয়ে বেশি বেকারত্ব এখন। দেশটির গণমাধ্যম বলছে, তামিলনাড়ুর এই চিত্র ওই বেকারত্ব বাড়ার ফসল।

কয়েক দিন আগে বিজনেস স্ট্যান্ডার্ড নামের একটি পত্রিকা জানায়, ২০১৭-২০১৮ সালে ভারতে বেকারত্বের হার ছিল ৬.১ শতাংশ।

১৯৭০ সালের পর দেশটিতে এত বেকার আর কখনো দেখা যায়নি।

প্রতিবেদনে বলা হয়, মোট জনসংখ্যার দিক থেকে যুবসম্প্রদায়ের মধ্যে বেকারত্বের হার সবচেয়ে বেশি। গ্রামীণ এলাকায় ২০১১-১২ সালে যেখানে বেকারত্বের হার ছিল ৫ শতাংশ, ২০১৭-১৮ সালে তা বেড়েছে ১৭.৪ শতাংশ। গ্রামীণ এলাকায় নারীদের মধ্যে বেকারত্ব বেড়েছে ১৩.৬ শতাংশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত