এক নারী সহকর্মীকে যৌন নিপীড়নের অভিযোগে রিমান্ডে থাকা একুশে টিভির (ইটিভি) প্রধান প্রতিবেদক এম এম সেকান্দারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন চ্যানেলটির সংবাদকর্মীরা। গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘একুশে টিভি পরিবারের’ ব্যানারে মানববন্ধন কর্মসূচিতে এ দাবি জানানো হয়।
গত রবিবার রাতে এক নারী সহকর্মী যৌন হয়রানির অভিযোগে সেকান্দারকে আসামি করে হাতিরঝিল থানায় মামলা করেন। এরপর রাতে বনশ্রীর বাসা থেকে সেকান্দারকে গ্রেপ্তার করে র্যাব। পরে তাকে হাতিরঝিল থানায় সোপর্দ করা হয়। সোমবার তাকে হাজির করা হলে দুই দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করে আদালত। গতকাল ছিল রিমান্ডের শেষ দিন।
এ বিষয়ে জানতে চাইলে হাতিরঝিল থানার ওসি আবু মোহাম্মদ ফজলুল করিম দেশ রূপান্তরকে বলেন, আমরা মামলার এজাহারে উত্থাপিত বিষয়ে আসামিকে দফায় দফায় জেরা করেছি। তিনি এসব অভিযোগের একটিও স্বীকার করেননি। বৃহস্পতিবার আসামি এম এম সেন্দাকারকে আদালতে পাঠানো হবে।
মানববন্ধনে উপস্থিত একুশে টেলিভিশনের সংবাদকর্মীরা বলেন, ‘আমরা কখনো ভাবিনি নিজের প্রতিষ্ঠানের সহকর্মীদের বিরুদ্ধে আমাদের রাস্তায় নামতে হবে। আমরা নিরাপদে কাজ করতে চাই। সুন্দরের প্রকাশ করতে চাই। আমরা অবিলম্বে নির্যাতনকারী সেকান্দার ও তার সহায়তাকারীদের শাস্তি চাই।’ মানববন্ধনে আরও ছিলেন সিনিয়র নিউজ রুম এডিটর মুশফিকা নাজনীন, রিপোর্টার জুবায়ের, প্রণব চক্রবর্তী, জসিম জুয়েল, স্মৃতি মণ্ডলসহ নিউজ ও প্রোগ্রাম বিভাগের কর্মীরা।
