কুষ্টিয়ার কুমারখালীতে শিশু বাবুল (১৪) হত্যা মামলায় একজনের মৃত্যুদন্ড দিয়েছে আদালত। এ ছাড়া অন্য নয় আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে কুষ্টিয়া নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের বিচারক মুন্সি মো. মশিয়ার রহমান এ রায় দেন।
রায়ে উপজেলার কোমরকান্দি গ্রামের ওমেদ আলীর ছেলে খাইরুল ইসলামকে মৃত্যুদ- ও ১ লাখ টাকা জরিমানা, খাইরুলের চাচাতো ভাই সামাদ প্রামাণিকের ছেলে মো. জিকুকে এক বছর কারাদ- দেওয়া হয়। এ ছাড়া খাইরুলের ভাই ফারুক হোসেন এবং পিতা ওমেদ প্রামাণিক, চাচা আছান প্রামাণিক, আবুল কাশেম, ওছেল প্রামাণিক ও একই গ্রামের আতিয়ার রহমান, রবিউল ইসলাম, জাহাঙ্গীর হোসেনকে তিন মাস করে সাজা দেওয়া হয়েছে। পূর্বশত্রুতার জেরে আসামিরা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ২০১৪ সালের ৫ অক্টোবর সন্ধ্যায় কোমরকান্দি গ্রামের পলাশ উদ্দিনের বাড়িতে হামলা চালায়। এ সময় তারা পলাশের ছেলে বাবুলকে কুপিয়ে জখম করে। গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
