এমপিওভুক্তির দাবিতে ফের মাঠে নামছে নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশন। গতকাল বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এক আলোচনা সভায় সংগঠনের সভাপতি অধ্যক্ষ গোলাম মাহমুদুন্নবী ডলার বিষয়টি জানিয়েছেন।
সভাপতি বলেন, দীর্ঘদিন ধরে আমরা এমপিওভুক্তির জন্য আন্দোলন করে আসছি। সরকারের সব মহল দাবি বাস্তবায়নের আশ্বাস দিয়ে যাচ্ছে। সম্প্রতি শিক্ষামন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলে তিনিও বিষয়টি নিয়ে কাজ করা হচ্ছে বলে অপেক্ষা করতে বলেন। অথচ আমাদের শিক্ষক-কর্মচারীদের মানবেতন জীবন কেউ দেখছে না। এ কারণে আমরা নতুনভাবে আন্দোলনে নামার সিদ্ধান্ত নিয়েছি।
তিনি বলেন, প্রথম পর্যায়ে আমরা চার দফা কর্মসূচি ঘোষণা করেছি। তার মধ্যে সব সংসদ সদস্যকে স্মারকলিপি প্রদান, ১৫ ফেব্রুয়ারির মধ্যে সব জেলা ও উপজেলা কমিটি পুনর্গঠন, ১৯ ফেব্রুয়ারি বেলা ১১টায় একযোগে সব জেলায় মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি এবং ২৬ ফেব্রুয়ারি বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে সংবাদ সম্মেলন। সভায় সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যক্ষ ড. বিনয় ভূষণ রায়, সিনিয়র সহ-সভাপতি মো. শফিকুল ইসলাম, সহ-সভাপতি অধ্যক্ষ আবদুল হামিদ, অধ্যক্ষ মো. ইমরান বিন সোলায়মান, অধ্যক্ষ দেব প্রসাদ ম-ল, সাংগঠনিক সম্পাদক শওকত হায়াত প্রধান বাবু, সোহরাব হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
