বনানীতে চিরনিদ্রায় সাবেক আইজিপি শাহজাহান

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৯, ০১:২৬ এএম

বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও পুলিশের সাবেক মহাপরিদর্শক এ এস এম শাহজাহান। গতকাল শুক্রবার বাদ জুমা জানাজা শেষে তাকে দাফন করা হয়।

এদিন বাদ ফজর রাজারবাগ পুলিশ লাইন্সে শহীদ এসআই শিরু মিয়া মিলনায়তনে প্রথম জানাজা হয়।

এতে তার দীর্ঘদিনের সহকর্মী ও পুলিশে কর্মরত সর্বস্তরের সদস্যরা অংশ নেন। পরে ডিএমপির চৌকস পুলিশ দল মরহুমকে গার্ড অব অনার শেষে পুলিশের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী ও বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও বাংলাদেশ পুলিশ অবসরপ্রাপ্ত অফিসার অ্যাসোসিয়েশন। বাদ জুমা বনানী জামে মসজিদে দ্বিতীয় জানাজার পর তাকে সেখানে দাফন করা হয়।

গত ৫ ফেব্রুয়ারি রাত ১২টার দিকে রাজধানীর এ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শাজাহান। দীর্ঘদিন তিনি পারকিনসন্স রোগে ভুগছিলেন।

১৯৪১ সালে নোয়াখালীর বেগমগঞ্জে জন্ম নেওয়া শাহজাহান সহকারী পুলিশ সুপার হিসেবে যোগ দেন ১৯৬৬ সালে। ১৯৭৬ সালে ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনারের দায়িত্ব পান।

পরে তিনি সিআইডি প্রধান এবং ডিএমপি কমিশনারের দায়িত্বও পালন করেন। ১৯৯২ সালে তিনি আইজিপি হন। ২০০১ সালে তত্ত্বাবধায়ক সরকারের শিক্ষা, বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টার দায়িত্ব পালন করেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত