খুলনার পাইকগাছা উপজেলায় মোবাইল ফোনের মাধ্যমে অর্থ লেনদেনের মাধ্যম বিকাশ অ্যাকাউন্ট ব্যবহার করে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়ার ঘটনা বেড়ে গেছে। বেশ কয়েকজন ভুক্তভোগী এরই মধ্যে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
পাইকগাছা থানার ওসি মো. এমদাদুল হক শেখ বলেন, অভিযোগের বিষয়ে তদন্ত শুরু হয়েছে। শিগগিরই প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে প্রতারক চক্রকে শনাক্ত করে গ্রেপ্তার করা সম্ভব হবে বলে জানান তিনি। পাশাপাশি প্রতারণা থেকে বাঁচতে সাধারণ জনগণকে সতর্ক থাকার পরামর্শ দেন। ভুক্তভোগীরা জানান, বিভিন্ন সময় আলাদা সিম ব্যবহার করে লোভনীয় প্রস্তাব দেয় প্রতারকরা। অনেক প্রতারক বিকাশ অফিসের নাম ব্যবহার করে বলে, আপনার বিকাশ অ্যাকাউন্টটি অনেক পুরনো হয়ে গেছে, সে কারণে একটি খুদেবার্তা (মেসেজ) দেন। উপজেলার খালিয়ার চক গ্রামের গোলক চন্দ্র ম-ল জানান, গত ২৭ জানুয়ারি তার বিকাশ অ্যাকাউন্ট থেকে ১ হাজার ৪০০ টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র। তিনি জানান, তার ব্যক্তিগত মোবাইল ফোনে ০১৮৫৩৫৯২৫৬০ নম্বর থেকে একটি কল আসে। ওই ব্যক্তি বলেন, আমি বিকাশ অফিস থেকে বলছি। আপনার অ্যাকাউন্টটি অনেক পুরনো হয়ে গেছে, তাই একটি মেসেজ দেন। মেসেজটি একটি নম্বরে দিয়ে ৩০ সেকেন্ডের মধ্যে মুখস্থ করে পুনরায় কল করতে বলা হয়। এরপর বিকাশ অ্যাকাউন্টের পাসওয়ার্ডে দুটি নম্বর যোগ করতে বলে। মোবাইল ফোনসেট বিক্রেতা ও বিকাশ এজেন্ট সুদেব দাশ জানান, বিকাশ অ্যাকাউন্টের নাম ব্যবহার করে বিভিন্ন সময় তার কাছে নানা প্রলোভন দেখিয়ে ফোন আসে। এমনকি পাইকগাছার সাধারণ মানুষ থেকে শুরু করে ধনী ব্যক্তির নাম ব্যবহার করে বিকাশ অ্যাকাউন্টে দ্রুত টাকা প্রদানের কথাও বলা হয়ে থাকে।
