প্রেম-পরিণয়ের সূত্র ধরে প্রেমিকা জেইসার আমন্ত্রণে ব্রাজিলের পথে পাড়ি জমাচ্ছেন রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুরের যুবক সঞ্জয়। চূড়ান্ত প্রস্তুতি পর্ব শেষ করে আগামী ২/৩ মাসের মধ্যেই ব্রাজিল যাবেন এমন আশাবাদ পরিবারের।
জানা গেছে, ফেসবুকে পরিচয়, অতঃপর প্রেম। একপর্যায়ে প্রেমের টানে ব্রাজিল কন্যা ক্ষণিকের জন্য ছুটে আসে প্রেমিকের বাড়ি রাজবাড়ীতে। এর মধ্যে হিন্দুধর্ম মতে তাদের দু’জনের শুভ পরিণয়ও সম্পন্ন হয়েছে। ২০১৭ সালের ১১এপ্রিল ঢাকা থেকে ব্রাজিল কন্যা দেশের উদ্দেশ্যে চলে যান।
এলাকাবাসী জানায়, বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের জামালপুর বাজারের মিষ্টি দোকানি বলাই ঘোষের ছেলে, শ্যামলী পরিবহনের ঢাকা-কলকাতা সার্ভিসের কর্মী সঞ্জয় ঘোষের সঙ্গে ফেসবুকে প্রেম পরিচয়ের পর ব্রাজিল থেকে ছুটে আসে জেইসা ওলিভেরিয়া সিলভার। ২০১৭ সালের ১এপ্রিল ব্রাজিল থেকে রওনা হয়ে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে আসেন। সেখানে অপেক্ষমাণ প্রেমিক সঞ্জয় ঘোষ তাকে নিয়ে গ্রামের বাড়ি জামালপুরে নিয়ে আসেন।
এ খবর ছড়িয়ে পড়লে এলাকার বিভিন্ন বয়সী নারী-পুরুষ একনজর দেখতে ওই বাড়িতে ভিড় জমায়। উৎসুক জনতার ঢল নামে ওই প্রেমিকের বাড়িতে। মিডিয়া কর্মীদের ভিড়ে ঘটনাটি এলাকার গণ্ডি ছাড়িয়ে সারা দেশেই আলোচিত হয়ে ওঠে। পরে স্থানীয় উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সঙ্গে দেখা করে নিরাপত্তার জন্য আবেদন করলে থানা-পুলিশ নিরাপত্তা প্রদান করেন।
প্রেমিক সঞ্জয় ঘোষ জানান, ফেসবুকে তার সঙ্গে ব্রাজিলের মিউনেশিয়াল এ্যাসিসটেন্ট জেইসা ওলিভেরিয়া সিলভার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়। বন্ধু হাবার পর দিন যতই যেতে থাকে তাদের দু’জনের মধ্যে সম্পর্কও গাঢ় হতে থাকে। একপর্যায়ে সে বাংলাদেশ সম্পর্কে জানতে জেইসা এ দেশে আসতে চায়।
এদিকে বাড়িতে উৎসুক জনতার অস্বাভাবিক ভিড় বাড়তে থাকলে প্রেমিক সঞ্জয় প্রেমিকা জেইসাকে ঢাকায় নিয়ে যায়। ঢাকাতেই নোটারি পাবলিকের মাধ্যমে জেইসা হিন্দু ধর্ম গ্রহণ করে বিয়ে করেন। দুজনের বিয়ের পর জেইসার পরিবারের সঙ্গে একাধিকবার মোবাইল ফোনে কথা বলেছেন সঞ্জয় ঘোষ। সপ্তাহ দু-এক একত্রে বসবাসের পর জেইসা দেশে ফিরে যায়। তবে সে দেশে ফিরে যাওয়ার পর তাকে ব্রাজিলে নিয়ে যাওয়ার সকল ব্যবস্থা করেছে জেইসা। আইনি প্রক্রিয়া অনুসরণ করে চলছে প্রস্তুতি।
সঞ্জয় ঘোষ আরও জানান, দেশে এক সঙ্গে একটু ঘুরতে চেয়েছিল জেসিকা। কিন্তু বিষয়টি এতটাই আলোচিত হয় যে এ জন্য কয়েক দিন এক প্রকার আত্মগোপনেই থাকতে হয়। বাংলাদেশের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য জেইসার খুবই পছন্দের। ব্রাজিলে পৌঁছে সে জেসিকাকে বাংলাদেশে বসবাসের প্রস্তাব দেবে। সে আশা করে বাংলাদেশই হবে তাদের শেষ ঠিকানা।
