মহেশখালীতে নৌসেনার বাড়িতে তাণ্ডব, মা আহত

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৯, ১০:৫১ পিএম

কক্সবাজারের মহেশখালী উপজেলার শাহঘোনা গ্রামে গত সোমবার রাতে নৌবাহিনীর সদস্য সাহাব উদ্দিনের বাড়িতে ভাঙচুর ও লুটপাট করেছে একদল দুর্বৃত্ত। এ সময় বন্দুকের নলের আঘাতে ওই নৌসেনার মা জুহুরা বেগম (৫৫) আহত হন।জুহুরা খাতুন জানান, রাত ৯টার দিকে একদল লোক এসে বাড়ি লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। পরে তারা দরজা ভেঙে বাড়ির ভেতরে প্রবেশ করে তাণ্ডব চালিয়ে লুটপাট করে। সাহাব উদ্দিনের ভাই কুতুব উদ্দিন জানান, কালারমারছড়া ফকির জুমপাড়া গ্রামের জেলফেরত সন্ত্রাসী আব্বাসের নেতৃত্বে জমির উদ্দিন, কানা বাদশাহ, রুহুল কাদের, নুরুল আমিন বাচ্চু, আবু বক্করসহ একদল সন্ত্রাসী ওই রাতে অস্ত্রের মহড়া দিয়ে এ তাণ্ডব চালায়।

সাহাব উদ্দিন বর্তমানে কুয়েতে ডেপুটেশন মিশনে কর্মরত রয়েছেন। মোবাইল ফোনে তিনি জানান, একদল সন্ত্রাসী মোটা অঙ্কের চাঁদা দাবি করে আসছিল। চাঁদা না দেওয়ায় তারা হামলা করেছে। মহেশখালী থানার ওসি প্রভাষ চন্দ্র ধর এই সন্ত্রাসী তাণ্ডবের সত্যতা নিশ্চিত করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত