একাদশ জাতীয় সংসদে আরও ৫ স্থায়ী কমিটি

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০১৯, ০২:০৪ এএম

একাদশ জাতীয় সংসদের জন্য আরও পাঁচটি স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। গতকাল মঙ্গলবার কমিটিগুলো গঠন করা হয়। এগুলো হলো সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত স্থায়ী কমিটি, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি এবং ধর্মবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।

চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী লিটন সংসদ কার্যপ্রণালি বিধির সংশ্লিষ্ট বিধি অনুয়ায়ী সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমতিক্রমে এ কমিটিগুলোর প্রস্তাব করলে কণ্ঠভোটে সেগুলো অনুমোদিত হয়। গত ছয় কার্যদিবসে সংসদে ৩৭টি সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়। গতকাল গঠিত পাঁচটি কমিটি নিয়ে সাত কার্যদিবসে সংসদে ৪২টি সংসদীয় স্থায়ী কমিটি গঠিত হলো।

অধ্যাপক আলী আশরাফকে সভাপতি করে সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত স্থায়ী কমিটির অন্য সদস্যরা হলেন আলহাজ দবিরুল ইসলাম, মুজিবুল হক, মঈন উদ্দীন খান বাদল, আবদুল মান্নান ও ফখরুল ইমাম।

সিমিন হোসেন রিমিকে সভাপতি করে গঠিত সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির অন্য সদস্যরা হলেন ভারপ্রাপ্ত মন্ত্রী বা প্রতিমন্ত্রী, মমতাজ বেগম, আসাদুজ্জামান নূর, কাজী কেরামত আলী, বেগম সাগুফতা ইয়াসমিন ও অসীম কুমার উকিল।

আ ফ ম রুহুল হককে সভাপতি করে গঠিত বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির অন্য সদস্যরা হলেন ইকবালুর রহিম, হাবিবে মিল্লাত, শফিকুল আজম খান, নিজাম উদ্দিন হাজারী, মোজাফফর হোসেন ও আখতারুজ্জামান।

এ কে এম রহমতুল্লাহকে সভাপতি করে গঠিত ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির অন্য সদস্যরা হলেন ভারপ্রাপ্ত মন্ত্রী বা প্রতিমন্ত্রী, রেদোয়ান আহমেদ তৌফিক, ফাহমি গোলন্দাজ বাবেল, আহমেদ ফিরোজ কবীর ও নুরুল আমিন।

হাফেজ নূরুল আমিন মাদানীকে সভাপতি করে গঠিত ধর্মবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির অন্য সদস্যরা হলেন সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী, শওকত হাছানুর রহমান রিমন, মনোরঞ্জনশীল গোপাল, মাহমুদ উস সামাদ চৌধুরী, ইলিয়াস উদ্দিন মোল্লা ও এইচ এম ইব্রাহিম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত