সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে প্রধানমন্ত্রী এবং বিভিন্ন বাহিনীর প্রধানসহ কূটনীতিকদের বিকৃত ছবি প্রকাশ ও অপপ্রচারের অভিযোগে নজরুল ইসলাম নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে গত মঙ্গলবার রাতে মুলাদী উপজেলা থেকে আটক করে র্যাব। গতকাল বুধবার সকালে নগরীর রূপাতলীতে র্যাব-৮ সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে বলা হয়, নজরুল ইসলাম নিজের নামে ফেইসবুকে আইডি খুলে দীর্ঘদিন ধরে প্রধানমন্ত্রী, যোগাযোগমন্ত্রী ও প্রধান নির্বাচন কমিশনারের বিকৃত ছবি প্রকাশ করছিলেন। এ ছাড়া র্যাব মহাপরিচালক ও ডিএমপি কমিশনারসহ বেশ কয়েকজন কূটনীতিকের বিরুদ্ধে অপপ্রচারও চালাচ্ছিলেন তিনি। সংসদ নির্বাচনের আগে প্রধান নির্বাচন কমিশনারকে নিয়ে বিভিন্ন বিভ্রান্তিমূলক বক্তব্য প্রকাশ করেন নজরুল। র্যাব কর্মকর্তারা জানান, মুলাদী বাজারে ‘নোমান পাখি ঘর’ নামে একটি দোকানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে নজরুল তার অপরাধের কথা স্বীকার করেছেন বলেও জানিয়েছে র্যাব। নজরুলকে মুলাদী থানায় হস্তান্তর করে তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করা হয়েছে।
