মালয়েশিয়ায় পুলিশের গুলিতে দুই বাংলাদেশি নিহত

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৯, ০৩:৪৮ এএম

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের অদূরে পুলিশের গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। তারা অপহরণকারী ছিলেন বলে দাবি করেছে দেশটির পুলিশ। স্থানীয় সময় গত মঙ্গলবার রাতে অপহরণকারী একটি চক্রকে ধরতে অভিযানের সময় গুলিতে নিহত হন তারা। স্টার অনলাইনসহ মালয়েশিয়ার বিভিন্ন গণমাধ্যমের বরাত দিয়ে প্রবাসী সাংবাদিক শামসুজ্জামান নাঈম দেশ রূপান্তরকে এসব তথ্য জানিয়েছেন।

তিনি জানান, দেশটির তামান মুডুন, বাতু ৯ চেরাস এলাকার একটি বাড়ি থেকে অপহৃত এক বাংলাদেশিকে উদ্ধারের সময় পুলিশের অভিযানে গুলিবিদ্ধ হয়ে দুই বাংলাদেশি মারা যান। কাজাং ওসিপিডির সহকারী কমিশনার আহমেদ জাফির ইউসুফ বলেন, ‘কুয়ালালামপুরের পুলিশ একটি সংঘবদ্ধ চক্রকে ধরার জন্য ওত পেতে ছিল। মঙ্গলবার রাতে চেরাসের বাতু ৯ এবং তামান মুদুনের একটি ছোট স্থানে অবস্থান করছিল তারা। রাত ১টা ৩৫ মিনিটে পুলিশ বাড়িটিতে অভিযান চালায়। সেখানে এক ব্যক্তিকে অপহরণ করে রাখা হয়েছে বলে সন্দেহ করা হচ্ছিল। অভিযান চলাকালীন বাড়িটি থেকে অপহরণকারীরা গুলি ছুড়তে শুরু করে। আত্মরক্ষার জন্য পাল্টা গুলি ছোড়ে পুলিশ।’

কুয়ালালামপুর পুলিশের প্রধান দাতুক সেরি মাজলান লাজিম এক বিবৃতিতে বলেন, ‘তদন্তে দেখা গেছে, নিহতরা বাংলাদেশিদের অপহরণ ও মুক্তিপণ আদায়কারী চক্রের সদস্য। মুক্তিপণ বাবদ এ পর্যন্ত তারা প্রায় ২৫ লাখ মালয় রিঙ্গিত হাতিয়ে নিয়েছে। সর্বশেষ তারা জালান ইপোহ থেকে এক বাংলাদেশিকে অপহরণ করে ২ লাখ রিঙ্গিত মুক্তিপণ দাবি করে।’

নিহতদের বিরুদ্ধে ১৩টি অভিযোগ ছিল। অভিযানের সময় অপহৃত এক বাংলাদেশিকে উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৩০ বছর। নিহত ও উদ্ধার হওয়া বাংলাদেশিদের নাম প্রকাশ করেনি পুলিশ। তারা বলছে, নিহত দুই অপহরণকারীর কাছে বৈধ কাগজপত্র ছিল না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত