শ্রীমঙ্গলে জুয়ার আসরে যুবকের মৃতদেহ

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৯, ০১:৫১ পিএম

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবৈধভাবে পরিচালিত কুতুব উদ্দিন নামের এক ব্যক্তির জুয়ার আসরে রুবেল মিয়া নামে এক যুবকের আকস্মিক মৃত্যু ঘটেছে। ঘটনাটি ঘটেছে বুধবার রাত ১১টার দিকে শহরের কালিঘাট রোড রেলস্টেশনের পাশের একটি কলোনিতে।

খবর পেয়ে শ্রীমঙ্গল থানা পুলিশ লাশ উদ্ধার করে বৃহস্পতিবার সকালে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করেছে পুলিশ।

এলাকাবাসী জানান, কালিঘাট রোডের রেল কলোনির পাশের একটি বস্তিতে কুতুব উদ্দিন নামে এক ব্যক্তি দীর্ঘদিন ধরে জুয়ার আসর বসিয়ে আসছেন। ইতোপূর্বে তিনি একাধিকবার পুলিশের হাতে আটক হয়েছেন। তাছাড়া তিনি এলাকার একজন চিহ্নিত জুয়ারী হিসেবে পরিচিত। প্রতিদিনই সেখানে জুয়ার আসর বসতো বলে এলাকাবাসী জানান।

এদিকে রুবেলের মৃত্যুর বিষয়ে থানায় অপমৃত্যু মামলা রেকর্ড করা হলেও তার বাবা দুলাল মিয়া দাবি করেন, ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। লাশ ময়নাতদন্ত শেষে মামলার বিষয়ে সিদ্ধান্ত নেবেন।

মৌলভীবাজার সার্কেলের সিনিয়র এএসপি মো. আশরাফুজ্জামান বলেন, কুতুবের জুয়ার আসরে ইতোপূর্বে একাধিকবার অভিযান চালানো হয়েছে। এ ঘটনার পর পুলিশ সেখানে অভিযানে যাবার আগেই কৌশলে পালিয়ে যায় সে ও সহযোগীরা। তবে রুবেলের মৃত্যুর ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং কুতুব ও তার সহযোগীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত