ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ৮ম শ্রেণির এক মাদ্রাসা ছাত্রীকে অপহরণ করে ধর্ষণের অভিযোগ উঠেছে। গত ১১ ফেব্রুয়ারি রাতে এ ঘটনা ঘটলেও বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে মেয়েটিকে।
হাসপাতালে ভুক্তভোগী মেয়েটি জানান, বিজয়নগর উপজেলার পাহারপুর ইউনিয়নের গিলামোড়া গ্রামে তার বাড়ি। মাদ্রাসায় আসা-যাওয়ার পথে কচুয়ামোড়া গ্রামের সালাম মিয়ার ছেলে সোহেল (১৭) তাকে প্রায়ই উত্ত্যক্ত করতেন। সম্প্রতি তার বাবা অসুস্থ হলে তার মা বাবাকে ঢাকায় চিকিৎসা করাতে নিয়ে যান।
মেয়েটি জানান, গত সোমবার সন্ধ্যায় তার বড় বোনের সঙ্গে বাড়িতে ছিলেন মেয়েটি। মাগরিবের নামাজের পর প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হলে সোহেল তার মুখে কাপড় চেপে ধরে সিএনজি অটোরিকশায় তুলে ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ে আসেন।
ওই দিন তাকে সোহেলের এক বন্ধুর বাড়িতে রেখে কয়েকবার ধর্ষণ করে। পরদিন সকালে বাড়ির কাছে ফেলে রেখে যায়। খবর পেয়ে মা ঢাকা থেকে এসে বৃহস্পতিবার এলাকার মাতব্বরদের জানিয়ে জেলা সদর হাসপাতালে ভর্তি করাতে নিয়ে আসেন।
মেয়েটির মা বলেন, আমরা চিকিৎসা করিয়ে আইনি ব্যবস্থা নেবো।
মেয়েটির ডাক্তারি পরীক্ষা করা হবে বলে জানান হাসপাতালের গাইনি বিশেষজ্ঞ ডা. মারিয়া পারভীন।
অভিযুক্ত সোহেল ও তার পরিবারের বক্তব্য নেওয়ার চেষ্টা করেও পাওয়া যায়নি।
বিজয়নগর থানার অফিসার ইনচার্জ ফয়জুল আজিম বলেন, আমরা এ রকম কোনো খবর পাইনি।
