বাগেরহাটে বোমা হামলায় বিএনপি নেতা নিহত

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৯, ০৯:০৫ পিএম

বাগেরহাটের রামপালে বোমা হামলা চালিয়ে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খাজা মঈনুদ্দিন আখতারকে (৫২) হত্যা করেছে সন্ত্রাসীরা।

বৃহস্পতিবার রাত সাড়ে সাতটার দিকে রামপাল উপজেলার ভরসাপুর বাজার এলাকায় একদল সন্ত্রাসী তার ওপর বোমা হামলা চালায়।

বাগেরহাটের পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় ঘটনাস্থল পরিদর্শনে গেছেন। ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

তবে কারা, কী কারণে তাকে হত্যা করেছে তা তাৎক্ষণিক পুলিশ জানাতে পারেনি।

খাজা মঈনুদ্দিন আখতার রামপাল উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও উজলকুড় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন। তার বাড়ি রামপালের বামুনডহর গ্রামে।

বাগেরহাটের পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় রাতে দেশ রূপান্তরকে বলেন, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মঈনুদ্দিন আখতার ভরসাপুর বাজারের ভেতরের রাস্তায় দাঁড়িয়ে নজু শেখ নামে এক ব্যক্তির সঙ্গে কথা বলছিলেন। এ সময় একদল অজ্ঞাত সন্ত্রাসী পেছন থেকে তার ওপর বোমা নিক্ষেপ করে পালিয়ে যায়।

তিনি জানান, স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় বিএনপি নেতাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

এই ঘটনার পর সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রিপন রায় রাত সাড়ে আটটার দিকে বলেন, বোমা হামলায় আহত খাজা মঈনুদ্দিন আখতারকে মৃত অবস্থায় এখানে নিয়ে আসা হয়। অতিরিক্ত রক্তক্ষরণে আসার পথেই তার মৃত্যু হয়েছে বলে ধারণা করছি।

রামপাল উপজেলা বিএনপির সভাপতি হাফিজুর রহমান তুহিন বলেন, খাজা মঈনুদ্দিন আখতার উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে ছিলেন। তার ওপর যারা বোমা হামলা চালিয়েছে তাদের খুঁজে বের করতে প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত