বান্দরবানের থানচি থেকে অপহৃত ব্যবসায়ী আবু তাহের ও তার কর্মচারীকে মুক্তি দিতে ১৫ লাখ টাকা পণ দাবি করেছে অপহরণকারীরা। গত বুধবার রাতে তাহেরের ছেলের বন্ধু উক্যচিং মারমার মোবাইল ফোনে কল করে এই টাকা চাওয়া হয়। গতকাল বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছেন বলিবাজারের চাষি উক্যচিং মারমা।
তাহেরের ছেলে আবু তালেব দেশ রূপান্তরকে বলেন, ‘আমার বন্ধু উক্যচিংকে ফোন করে অপহরণকারীরা আমাদের ১৫ লাখ টাকা জোগাড় করে রাখতে বলেছে। বিষয়টি আমরা পুলিশকে জানিয়েছি।’
জানতে চাইলে থানচি থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন, ‘মুক্তিপণ চাওয়ার বিষয়টা তাহেরের পরিবারের লোকজন আমাদের জানিয়েছে। তবে মুক্তিপণ ছাড়াই তাদের উদ্ধারের জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।’
গত ১০ ফেব্রুয়ারি বলিবাজার বিজিবি ব্যাটালিয়নের পাশে নিজের তামাক চুল্লিতে গেলে সেখান থেকে কয়েকজন অস্ত্রধারী আবু তাহেরকে ধরে নিয়ে যায়। এ সময় বাধা দিলে তামাকক্ষেতের কর্মী সুমন মারমাকেও ধরে নিয়ে যায় তারা।
