শেখ হাসিনা সেনানিবাসের ৮ ইউনিট উদ্বোধন

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৯, ০১:৪৮ এএম

সংবিধান ও দেশমাতৃকার সার্বভৌমত্ব রক্ষায় সেনা সদস্যদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ। তিনি বলেন, বাংলাদেশ সেনাবাহিনী খুব শিগগিরই পৃথিবীর সেরা সেনাবাহিনীতে পরিণত হবে। সেনাবাহিনী দেশের মানুষের বিশ্বাস ও ভরসার মূর্ত প্রতীক। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি বিভিন্ন দুর্যোগ মোকাবিলায় সেনাবাহিনী বলিষ্ঠ ভূমিকা পালন করে আসছে।

গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় বরিশালের শেখ হাসিনা সেনানিবাসে আট ইউনিটের পতাকা উত্তোলন অনুষ্ঠানে সেনাপ্রধান আরও বলেন, ‘গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের জন্য ৭ পদাতিক ডিভিশনের সদস্যরা বরিশাল বিভাগের চারটি জেলায় বেসামরিক প্রশাসনকে সর্বাত্মক সহায়তা করেছে।’

সকাল সোয়া ১০টায় সেনাপ্রধান শেখ হাসিনা সেনানিবাসে পৌঁছালে ৭ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো. রাশেদ আমিন তাকে অভ্যর্থনা জানান। পরে তাকে প্যারেড কমান্ডার মেজর মুরসালিনের

নেতৃত্বে সেনাবাহিনীর একটি চৌকস দল কুচকাওয়াজ প্রদর্শন ও সালাম প্রদান করে। সেনাপ্রধান পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ২২ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন, ২৩ আরই ব্যাটালিয়ন, ৪১ বীর অর্ডন্যান্স ডিপো বরিশাল, ৭ এমপি ইউনিট, ১২৩ ব্রিগেড সিগন্যাল কোম্পানি, এসএসডি বরিশাল এবং ৭ এফআইইউ ইউনিটের উদ্বোধন করেন। বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনের সাংসদ গোলাম কিবরিয়া টিপু, বরিশাল-৪ (হিজলা-মেহেন্দীগঞ্জ) আসনের সাংসদ পংকজ নাথ, জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান, মহানগর পুলিশ কমিশনার মোশারফ হোসেন, পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত