চুয়াডাঙ্গার জীবননগরে ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে মধ্যবয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত শাহ আলম (৫২) উপজেলার লক্ষ্মীপুর গ্রামের মৃত খালেক মণ্ডলের ছেলে। গতকাল বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহের মহেশপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জীবননগর থানার ওসি শেখ গণি মিয়া জানিয়েছেন। দেশ রূপান্তরকে তিনি বলেন, গত বুধবার বিকেলে লক্ষ্মীপুর গ্রামের একটি মাদ্রাসার প্রথম শ্রেণির ছাত্রী ওই শিশুকে ভুট্টাক্ষেতে নিয়ে গিয়ে শাহ আলম ধর্ষণ করে সেখানে ফেলে রেখে পালিয়ে যায়। পরে শিশুটিকে উদ্ধার করে পরিবারের লোকজন তাকে জীবননগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।ওসি গণি মিয়া বলেন, এ ঘটনায় গতকাল দুপুরে জীবননগর থানায় শিশুটির বাবা বাদী হয়ে ধর্ষণের অভিযোগে মামলা করার পর শাহ আলমকে ঝিনাইদহ পুলিশের সহায়তায় মহেশপুর থেকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।জীবননগর স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা রোকনুজ্জামান রুবেল দেশ রূপান্তরকে বলেন, ‘অতিরিক্ত রক্তক্ষরণে শিশুটির অবস্থা বেগতিক হওয়ায় তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রেফার করা হয়েছে।’
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে অষ্টম শ্রেণির এক মাদ্রাসাছাত্রীকে অপহরণ করে রাতভর ধর্ষণের অভিযোগ উঠেছে এক কিশোরের বিরুদ্ধে। গত সোমবারের এ ঘটনায় আহত ছাত্রীকে গতকাল বৃহস্পতিবার হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালে ওই কিশোরী দেশ রূপান্তরকে বলেন, মাদ্রাসায় আসা-যাওয়ার পথে কচুয়ামোড়া গ্রামের সালাম মিয়ার ছেলে সোহেল (১৭) তাকে প্রায়ই উত্ত্যক্ত করত। সম্প্রতি তার বাবা অসুস্থ হলে মা বাবাকে চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যায়। গত সোমবার সন্ধ্যায় বড় বোনের সঙ্গে তিনি বাড়িতে ছিলেন। সন্ধ্যার পর ঘর থেকে বের হলে সোহেল তার মুখে কাপড় চেপে ধরে অটোরিকশায় তুলে ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ে গিয়ে তার এক বন্ধুর বাড়িতে রেখে কয়েকবার ধর্ষণ করে। পরদিন সকালে বাড়ির কাছে ফেলে রেখে যায়। খবর পেয়ে তার মা ঢাকা থেকে এসে তাকে হাসপাতালে ভর্তি করান।
এ বিষয়ে থানায় এখনো অভিযোগ আসেনি বলে বিজয়নগর থানার ওসি ফয়জুল আজিম জানিয়েছেন। তবে ধর্ষণের শিকার কিশোরীর মা বলেন, চিকিৎসার পর তারা আইনি ব্যবস্থা নেবেন।
