দেশের সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের মতো একই পদ্ধতিতে উপাধ্যক্ষ, অধ্যক্ষ ও কর্মচারী নিয়োগের নির্দেশনা দিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। গতকাল বৃহস্পতিবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় এমন নির্দেশনা দেন তিনি। সভায় মাউশির মহাপরিচালক ও দপ্তরপ্রধানরা তাদের চ্যালেঞ্জ হিসেবে বিভিন্ন সমস্যার কথা তুলে ধরলে এর সমাধান হিসেবে অভিন্ন পদ্ধতিতে নিয়োগের কথা বলেন শিক্ষামন্ত্রী। দীপু মনি বলেন, ‘বেসরকরি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্র্তৃপক্ষের (এনটিআরসিএ) মাধ্যমে সহকারী শিক্ষক নিয়োগের মতো অধ্যক্ষ, উপাধ্যক্ষ ও কর্মচারী পদেও নিয়োগের প্রক্রিয়া শুরু করতে হবে। এ বিষয়ে উচ্চপর্যায় থেকে নির্দেশনা আছে। তাই অভিন্ন প্রক্রিয়ায় বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের সব স্তরে শিক্ষক-কর্মচারী নিয়োগ কার্যক্রম শুরু করতে হবে।’ মাউশির অধীন ৯টি আঞ্চলিক অফিসের উপপরিচালক পদ প্রায় ৩০ বছর ধরে ভারপ্রাপ্ত কর্মকর্তা দিয়ে পরিচালিত হচ্ছে এমন তথ্য জানানো হলে শিক্ষামন্ত্রী বলেন, ‘এটি একটি অদ্ভুত বিষয়।’
×
