খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, খাদ্য মন্ত্রণালয়কে নিয়ে আমাদের অনেক পরিকল্পনা আছে। এখন আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। আমাদের এখন খাদ্যের কোনো ঘাটতি নেই। আমাদের এখন নিরাপদ ও পুষ্টিসম্মত খাদ্যের মান নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, ধীরে ধীরে দেশের প্রতিটি এলএসডিকে ডিজিটালাইজড করব যাতে আমরা মন্ত্রণালয়ে বসে সেগুলো নিয়ন্ত্রণ করতে পারি।
শুক্রবার সকাল ১১টায় নওগাঁয় বেলকোন-বঙ্গবন্ধু গোল্ডকাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনকালে সাংবাদিকদের এসব কথা বলেন খাদ্যমন্ত্রী।
জেলা স্টেডিয়ামে অনুষ্ঠানে জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার ইকবাল হোসেন, জেলা ক্রীড়া সংস্থার টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক ইকবাল শাহরিয়ার রাসেল, বেলকোন গ্রুপের চেয়ারম্যান বেলাল আহমেদ, নওগাঁ চেম্বারের সিনিয়র সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান টুনু, জেলা ফুটবল কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন ইদু প্রমুখ।
টুর্নামেন্টে আটটি দল অংশগ্রহণ করছে। উদ্বোধনী ম্যাচে নওগাঁ জেলা ক্রীড়া সংস্থা ও সিরাজগঞ্জ জেলা দল অংশগ্রহণ করছে।
