এক লাখ ইয়াবাসহ ৪ রোহিঙ্গা আটক

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৯, ০৮:২২ পিএম

বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে এক লাখ ইয়াবাসহ ৪জন রোহিঙ্গাকে আটক করেছে র‌্যাব-১৫ সদস্যরা। এ সময় একটি ফিশিং বোটও জব্দ করা হয়।

শুক্রবার দুপুর ১২টার দিকে গভীর বঙ্গোপসাগরের কক্সবাজার চ্যানেলে অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক মূল্য ৫ কোটি টাকা।

এ সময় আটক করা হয় কক্সবাজারের উখিয়ার থাইংখালী হাকিমপাড়া রোহিঙ্গা ক্যাম্পের এনায়েত উল্লাহ (২৮), করিম উল্লাহ (৩২), রশিদ উল্লাহ (২২) ও হামিদ (২০)।

কক্সবাজার র‌্যাব-১৫ এর কোম্পানি কমান্ডার মেজর মেহেদী হাসান সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা জানতে পারেন যে গভীর বঙ্গোপসাগর দিয়ে একটি ইয়াবার চালান মিয়ানমার ও টেকনাফ হয়ে চট্টগ্রামের দিকে রওনা দিয়েছে। এই খবর পেয়ে গভীর বঙ্গোপসাগরে অভিযানে নামেন এবং একটি ফিশিং বোটে ধাওয়া করে ৪জনকে আটক করা হয়। পরে তাদের স্বীকারোক্তিতে ওই ফিশিং বোট তল্লাশি করে এক লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

তারা সবাই মিয়ানমারের নাগরিক এবং গত বছর রাখাইন থেকে পালিয়ে এসে উখিয়ার থাইংখালী হাকিমপাড়া রোহিঙ্গা ক্যাম্পে অবস্থান করছিল। আরো জিজ্ঞাসাবাদ শেষে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হবে বলে জানায় র‌্যাবের ওই কর্মকর্তা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত