বরিশালে ব্রজমোহন (বিএম) কলেজের শিক্ষার্থী মো. রুবেল হাসানকে (২২) কুপিয়ে হত্যা করেছে এক দুর্বৃত্ত। এ ঘটনায় আহত হয়েছেন একজন। ঘটনার পরপরই গত বৃহস্পতিবার হত্যার অভিযোগে মেহেদী হাসান রনি নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় নিহত রুবেল হাসানের চাচা মো. নাসির উদ্দিন বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় হত্যামামলা দায়ের করেছেন।গত বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে বরিশাল নগরের বঙ্গবন্ধু উদ্যানে জনসম্মুখে ছুরিকাঘাতে হত্যা করা হয় রুবেল হাসানকে। নিহত রুবেল উজিরপুর উপজেলার সাতলা এলাকার বাসিন্দা ছিলেন। তিনি বিএম কলেজের ইংরেজি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। আর অভিযুক্ত মেহেদী হাসান রনির বাড়ি ঝালকাঠি জেলায়।বৃহস্পতিবার রাতে পুলিশ রুবেল হাসানের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সন্ধ্যার পর বঙ্গবন্ধু উদ্যানে বেড়াতে যাওয়া কয়েক যুবকের সঙ্গে কথা-কাটাকাটি হয় রুবেলের। এ সময় এক যুবক ছুরি দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে তাকে। একপর্যায়ে সেখানে পড়ে যায় রুবেল হাসান। দ্রুত তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত রুবেল হাসানের বন্ধু রাফসান জানায়, সন্ধ্যায় তার বোন সাওদা নগরের বঙ্গবন্ধু উদ্যানে বেড়াতে যায়। সেখানে যায় মেহেদী হাসান রনি। রনি তার বোনকে বিরক্ত করত। এ খবর পেয়ে তার বন্ধুদের নিয়ে বঙ্গবন্ধু উদ্যানে গিয়ে রনিকে চ্যালেঞ্জ করে। এ নিয়ে রনির সঙ্গে বাগবিতণ্ডার একপর্যায়ে রনি রুবেলকে ছুরি দিয়ে কুপিয়ে আহত করে।
বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি মো. নুরুল ইসলাম বলেন, কয়েক বছর আগে মেহেদী হাসান রনির সঙ্গে নগরের মল্লিক রোডের এক নারীর বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর দাম্পত্য কলহের জের ধরে তাদের বিবাহবিচ্ছেদ ঘটে। এরপর তারা দুজন আবার বিবাহবন্ধনে আবদ্ধ হন। দ্বিতীয় দফায় তাদের বিবাহবিচ্ছেদ হয়। সম্প্রতি রনি আবার সাওদাকে বিয়ের জন্য চেষ্টা করে। এর অংশ হিসেবে প্রায়ই সে ওই নারীকে উত্ত্যক্ত করত। বৃহস্পতিবার বঙ্গবন্ধু উদ্যানেও সে তাকে উত্ত্যক্ত করছিল। এ সময় তাকে বাধা দিলে সে ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করে কলেজছাত্র রুবেল হাসানকে। পুলিশ বঙ্গবন্ধু উদ্যান থেকেই মেহেদি হাসানকে গ্রেপ্তার করে।
