ন্যূনতম মজুরি ১৬ হাজার টাকা নির্ধারণের দাবি

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৯, ০১:৫৪ এএম

তৈরি পোশাক কারখানার শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৬ হাজার টাকা নির্ধারণের দাবিতে মানববন্ধন করেছে বিপ্লবী গার্মেন্টস শ্রমিক সংহতি। গতকাল শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত এ কর্মসূচি থেকে শ্রমিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারেরও দাবি জানানো হয়।

মানববন্ধনে বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, ‘গার্মেন্টস শ্রমিকরা সরকার আর মালিকের রোষানলের শিকার। বর্তমানে যে ৮ হাজার টাকা মজুরি দেওয়া হয় তা দিয়ে ৫ জনের সংসার ১০ দিনও চলে না। তাই গার্মেন্ট শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৬ হাজার টাকা করতে হবে।’ মজুরি বৃদ্ধির দাবিতে সাম্প্রতিক আন্দোলনের পর এক মাসে ৮ থেকে ১০ হাজার শ্রমিককে চাকরিচ্যুত করা হয়েছে দাবি করে তিনি আরও বলেন, ‘গার্মেন্ট শ্রমিকদের মনে আজ আনন্দ নেই। কোনো সচেতন শ্রমিক এখন আর কারখানা ভাঙচুর করে না। কারণ তারা জানে কারখানা না থাকলে তাদের জীবন বাঁচবে না। তারা এখন শান্তিপূর্ণ আন্দোলন করে।’

আগামী ৭২ ঘণ্টার মধ্যে শ্রমিকদের বিরুদ্ধে করা ‘মিথ্যা মামলা’ প্রত্যাহার ও শ্রমিক ছাঁটাই বন্ধের দাবি জানান সাইফুল হক।

অন্যদের মধ্যে শ্রমজীবী নারী মৈত্রীর সভাপতি বহ্নিশিখা জামালী, শ্রমিক নেতা আবু হাসান টিপু এবং বিপ্লবী গার্মেন্টস শ্রমিক সংহতির সভাপতি মীর মোফাজ্জল হোসেন মোস্তাক মানববন্ধনে অংশ নেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত