মানববন্ধনে ডা. জাফরুল্লাহ

ইসির ইমামতিতে গণতন্ত্রের কবর রচিত হয়েছে

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৯, ০১:৫৬ এএম

গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, ৩০ ডিসেম্বরের নির্বাচনে নির্বাচন কমিশনের (ইসি) ইমামতিতে দেশের গণতন্ত্রের কবর রচিত হয়েছে। গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে কারাবন্দি খালেদা জিয়ার মুক্তির দাবিতে ‘দেশ বাঁচাও, মানুষ বাঁচাও আন্দোলন’ আয়োজিত মানববন্ধনে তিনি এ কথা বলেন।

ডা. জাফরুল্লাহ বলেন, গণতন্ত্রের কবর হলে কী হয় দুই মাসের মধ্যে তার চিত্র ফুটে উঠেছে। কয়েকদিন আগে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মানুষ হত্যা করে গরু চুরির অপবাদ দিয়েছে। এটা জেলা প্রশাসকও (ডিসি) জানেন না, উপজেলার কর্মকর্তারা (ইউএনও) জানেন না। কিন্তু এ বিষয়ে কেউ কথা বলছে না।

তিনি আরও বলেন, আজ বিরোধী দলগুলো সম্মেলন করার অনুমতি পাচ্ছে না। তাই সকল রাজনৈতিক দলকে একত্রিত হয়ে রাস্তায় নামা ছাড়া গণতন্ত্র মুক্তি পাবে না।

খালেদা জিয়ার মুক্তি প্রসঙ্গে জাফরুল্লাহ বলেন, ‘খালেদা জিয়া সরকারদলীয় বিচার ব্যবস্থায় সুবিচার পাবেন না। ওনাকে জনগণের রায়ের জন্য অপেক্ষা করতে হবে এবং সবার সম্মিলিতভাবে আন্দোলনের মাধ্যমে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। সংগঠনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য দেন লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, জিনাফ সভাপতি লায়ন মিয়া মো. আনোয়ার, মুক্তিযোদ্ধা ফরিদ উদ্দিন প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত