ইডেনের অধ্যক্ষ খুন এজাহারভুক্ত দুই আসামি গ্রেপ্তার

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৯, ০৩:১২ এএম

রাজধানীর ইডেন কলেজের সাবেক অধ্যক্ষ মাহফুজা চৌধুরী পারভীন (৬৬) হত্যার ঘটনায় এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে নিউমার্কেট থানা পুলিশ। তারা হলো রিতা আক্তার ওরফে স্বপ্না (৩৫) ও রুনু ওরফে রাকিবের মা (৪৫)। অন্য আসামি রেশমাকে (৩০) গ্রেপ্তারে অভিযান চলছে। গতকাল শুক্রবার নিউমার্কেট থানায় আয়োজিত ব্রিফিংয়ে এসব তথ্য জানান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপকমিশনার মারুফ হোসেন সরদার।

তিনি জানান, গৃহকর্মী রিতা আক্তারকে নেত্রকোনার মদন থানার নিজগ্রাম ফতেপুর থেকে গতকাল ভোরে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে একটি স্বর্ণের চেইন, লুণ্ঠিত ৭ হাজার টাকা ও নিহত মাহফুজা চৌধুরীর ব্যবহৃত ভ্যানিটি ব্যাগ উদ্ধার করা হয়েছে। গৃহকর্মী রিতা ওরফে স্বপ্না নিহতের বাসায় গৃহকর্মীর কাজ করত। প্রাথমিকভাবে সে হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছে।

মারুফ জানান, অন্য এক অভিযানে রাজধানীর মিরপুর এলাকা থেকে গতকাল দুপুরে রুনু ওরফে রাকিবের মাকে গ্রেপ্তার করা হয়। রুনু ওই এলাকার বাসাবাড়িতে গৃহকর্মী সরবরাহের কাজ করে।

গ্রেপ্তারের বিষয়ে মারুফ হোসেন সরদার দেশ রূপান্তরকে বলেন, ‘প্রাথমিকভাবে মনে হচ্ছে, সম্পদ লুটের জন্যই দুই গৃহকর্মী মিলে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। কিন্তু রেশমাকে এখনো গ্রেপ্তার করা যায়নি। তাকে গ্রেপ্তার করা গেলে আসামিদের মুখোমুখি জিজ্ঞাসাবাদে কারা, কেন হত্যা করেছে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।’

হত্যাকাণ্ডে দুই গৃহকর্মী ছাড়া আরও কেউ জড়িত কি না জানতে চাইলে মারুফ বলেন, ‘বিষয়টি নিয়ে তদন্ত অব্যাহত আছে। রেশমাকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে এটা নিশ্চিত হওয়া যাবে।’

গত ১০ ফেব্রুয়ারি সন্ধ্যায় রাজধানীর নিউমার্কেট থানাধীন ৩৫, মিরপুর রোডের (এলিফ্যান্ট রোড) সুকন্যা টাওয়ারের ডুপ্লেক্স ফ্ল্যাটে খুন হন ইডেন কলেজের সাবেক অধ্যক্ষ। এ ঘটনায় তার স্বামী মুক্তিযোদ্ধা ইসমত কাদির গামা ১১ ফেব্রুয়ারি রাজধানীর নিউমার্কেট থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় বাড়ির দুই গৃহকর্মী রুমা ওরফে রেশমা (৩০) ও স্বপ্নাকে (৩৫) এজাহারভুক্ত আসামি করা হয়। তাদের সরবরাহ করা রুনু আক্তার হত্যাকাণ্ডে জড়িত থাকতে পারে বলে এজহারে উল্লেখ করা হয়। গৃহকর্মী স্বপ্নার বাড়ি ফরিদপুরের বোয়ালমারী থানার মজিরদি গ্রামে। আর রেশমার বাড়ি কিশোরগঞ্জ জেলার ইটনা থানার রায়কুটি গ্রামে।

মামলার বাদী ইসমত কাদির গামা মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান ও ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক। মাহফুজা চৌধুরী ২০০৯ থেকে ’১২ সাল পর্যন্ত ইডেন মহিলা কলেজের অধ্যক্ষ ছিলেন। সুকন্যা টাওয়ারের ১৫ ও ১৬ তলায় দুটি ফ্ল্যাটে (ডুপ্লেক্স) এই দম্পতির বহুদিনের সংসার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত