মাগুরার মহম্মদপুর উপজেলার রায়পুর গ্রামে নাজমুল মোল্যার বাড়িতে শুক্রবার রাতে ভয়াবহ আগুনে ২৩ দিনের শিশুর মৃত্যু হয়েছে। এ সময় ঘরের মধ্যে থাকা অপর শিশু মাসুরাকে (৬) দগ্ধ অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
শিশুটির বাবা-মা বাকরুদ্ধ হয়ে পড়েছেন ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নাজমুল মোল্যা ভাই বাবলু জানান, শুক্রবার রাত ৯টার দিকে নাজমুল মোল্যার স্ত্রী ঘরের মধ্যে কেরোসিনের কুপি জ্বালিয়ে পাশের বাড়ি যায়। এ সময় ঘরের আগুন লাগে যায়। বাড়িতে কেউ না থাকায় আগুন লাগার খুব অল্প সময়ের মধ্যেই তা সম্পূর্ণ ঘরে ছড়িয়ে পড়ে।
এ সময় ঘরের মধ্যে থাকা মাসুরার চিৎকারে আশপাশের লোকজন বেড়া ভেঙে তাকে উদ্ধার করলেও ২৩ দিন বয়সী শিশু সামিউল অগ্নিদগ্ধ হয়ে মারা যায়। আগুনে নগদ ৫৫ হাজার টাকা, গৃহপালিত পশু, ৩০ মণ ধান ও ১০ মণ পাটসহ যাবতীয় মালামাল পুড়ে যায়। এতে প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি জানান।
উপজেলা ফায়ার সার্ভিসের টিম লিডার মুস্তাইন হোসেন বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করি। ঘরের ভেতরে থাকা কেরোসিন ল্যাম্প থেকেই আগুনের সূত্রপাত ঘটেছে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। তবে ঘরের মধ্যে পাট থাকায় আগুন দ্রুত সময়ের মধ্যে ছড়িয়ে পড়েছে।
এদিকে আগুনে দগ্ধ অপর শিশু মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সেখানে দায়িত্বরত চিকিৎসক নিলুফা ইয়াসমিন জানান, মাসুরার শারীরিক অবস্থা আশঙ্কাজনক। আগুনে তার হাত-পা, পিঠ, ঘাড়সহ শরীরের প্রায় ৩০ শতাংশ পুড়ে গেছে।
