ট্রাকের ধাক্কায় প্রাণ গেলো দুই বোনের

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৯, ১০:১৪ পিএম

বগুড়ার দুপচাঁচিয়ায় ট্রাকের ধাক্কায় অটো ভ্যান আরোহী দুই বোন নিহত হয়েছেন। ওই ঘটনায় আহত হয়েছেন আরও দুই যাত্রী।

শনিবার দুপুরে দুপচাঁচিয়া উপজেলার ধাপ-মোলামগাড়ী সড়কের কাথহালি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এলাকাবাসী ট্রাকসহ চালককে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

নিহতরা হলেন- শিবগঞ্জ উপজেলার মাঝিহট্ট ইউনিয়নের চালুঞ্জা গ্রামের আল আমিনের স্ত্রী মর্জিনা বেগম (২৭) ও তার বড়বোন মাঝিহট্ট গ্রামের খাইরুল ইসলামের স্ত্রী আর্জিনা বেগম (৩৫)। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তারা মারা যান।

শনিবার দুপুর পৌনে ১২টায় উপজেলার পোথাট্টি বাজার থেকে ওই দুই বোনসহ ৪ জন যাত্রী নিয়ে একটি অটো ভ্যান দুপচাঁচিয়া উপজেলা সদরের পথে রওনা দেয়। ভ্যানটি উপজেলার কাথহালি এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে ভ্যানটি রাস্তার ওপরে উল্টে যায়। ঠিক সেই সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ওই ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ওই ভ্যানের ৪জন আরোহীই গুরুতর আহত হন।

স্থানীয়রা চালকসহ ট্রাকটিকে আটক করে এবং আহতদের উদ্ধার করে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। আহতদের মধ্যে দুই বোন মর্জিনা বেগম ও আর্জিনা বেগমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় উভয় বোনই মারা যান।

আহত অপর দুই যাত্রী রুবেল হোসেন (২৭) ও বিপ্লব হোসেন (২০) দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

দুপচাঁচিয়া থানার পুলিশ পরিদর্শক শহিদুল ইসলাম ট্রাকের ধাক্কায় দুই বোনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ওই ঘটনায় ট্রাক চালক নাটোর জেলার সিংড়া উপজেলার কুশাবাড়ি গ্রামের মতিউর রহমানকে (২২) স্থানীয় জনগণ আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। তার ট্রাকটিও পুলিশের হেফাজতে রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত