বিজিবির গুলিতে হতাহত দোষীদের শাস্তির দাবিতে পীরগঞ্জে মানববন্ধন

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৯, ১১:৫৮ পিএম

ঠাকুরগাঁওয়ের হরিপুরের বহরমপুরে বিজিবির গুলিতে শিশুসহ ১৭ জন হতাহতের ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচারের দাবিতে পীরগঞ্জ উপজেলা শহরের চৌরাস্তায় মানববন্ধন করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে পীরগঞ্জ বিক্ষুব্ধ নাগরিক সমাজের ব্যানারে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বক্তারা বলেন, সীমান্ত সুরক্ষার দায়িত্ব বিজিবির। কিন্তু তারা ক্ষমতার অপব্যবহার ও নির্বিচারে গুলি চালিয়ে নিরীহ মানুষ হত্যা করেছে। আর উল্টো গ্রামবাসীর নামে মিথ্যা মামলা করা হয়েছে। গ্রামবাসীকে হয়রানি করা হচ্ছে অভিযোগ করে বক্তারা আরও বলেন, এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনতে হবে। অন্যথায় কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন তারা।

মানববন্ধনে বক্তব্য দেন পীরগঞ্জ উপজেলা সিপিবির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু সায়েম, ন্যাপ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন রকেট, উপজেলা যুব মৈত্রীর ভারপ্রাপ্ত সভাপতি রফিকুজ্জামান রফিক প্রমুখ। গত ১২ ফেব্রুয়ারি দুপুরে ভারতীয় চোরাই গরু সন্দেহে বহরমপুর গ্রামে গরু আটক করাকে কেন্দ্র করে বিজিবি ও গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে তিনজন মারা যান। আহত হন আরও ১৫ জন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত