রেড ক্রিসেন্টের উদ্যোগ

হতদরিদ্র ৭২ পরিবার এখন সচ্ছল

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৯, ১২:০৯ এএম

ফরহাদ আবদুল্লাহকে রেড ক্রিসেন্ট সোসাইটি রাঙ্গামাটি ইউনিট থেকে ৩০ হাজার টাকা দেওয়া হয়। সেখান থেকে তিনি ২৭ হাজার টাকায় দু’টি বাছুর ও ২ হাজার টাকায় হাঁস-মুরগি কিনেন। বর্তমানে হাঁস-মুরগি ও গরু মিলে ৭৪ হাজার টাকার সম্পদে এসে দাঁড়িয়েছে ফরহাদের পুঁজি। বছরখানেক আগে গবাদিপশু পালন, কৃষি, ক্ষুদ্র ব্যবসা ও আত্মকর্মসংস্থান প্রকল্পের আওতায় রেড ক্রিসেন্ট সোসাইটি রাঙ্গামাটি ইউনিট ফরহাদকে এই টাকা দেয় তাকে স্বাবলম্বী হিসেবে গড়ে তুলতে। একইভাবে এলাকার মিনু আক্তার রেড ক্রিসেন্টের দেওয়া ৩০ হাজারসহ মোট ৫০ হাজার টাকায় গরু কিনেছেন দুটি। বর্তমানে বাছুরসহ তারও গরু বিক্রি করা যাবে প্রায় ৯৫ হাজার টাকায়। গরু বাছুর মিলে এটির দাম কিছুদিন পরেই লাখ টাকা ছাড়িয়ে যাবে বলে জানালেন মিনু আক্তার। এদের মতো রেড ক্রিসেন্টের অর্থ সাহায্য নিয়ে স্বাবলম্বী হয়ে উঠেছে কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়ি এলাকার আরও ৭২ দরিদ্র পরিবার। কাপ্তাইয়ের চন্দ্রঘোনা ইউনিয়নের মিতিঙ্গাছড়ি এলাকায় অবস্থিত রেড ক্রিসেন্ট সোসাইটির স্কিম এলাকায় গেলে সংস্থাটির সহযোগিতায় স্বাবলম্বী হয়ে ওঠা ৭২ পরিবারের সুবিধাভোগীরা তাদের সাফল্যের কথা শোনান।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাঙ্গামাটি ইউনিট কাপ্তাই উপজেলাধীন চন্দ্রঘোনা ইউনিয়নের মিতিঙ্গাছড়ি এলাকার হতদরিদ্র ৭২ পরিবারকে আর্থিক সহায়তা দিয়ে স্বাবলম্বী করে গড়ে তোলার উদ্যোগ নেয়। এসব পরিবারকে গবাদি পশু পালন, কৃষি, ক্ষুদ্র ব্যবসা ও আত্ম-কর্মসংস্থান প্রকল্পের আওতায় প্রশিক্ষণ প্রদান করে সংস্থাটি। এক বছর আগে প্রশিক্ষণপ্রাপ্ত ৭২ হতদরিদ্র প্রতি পরিবারকে ৩০ হাজার টাকা করে ২১ লাখ টাকা অনুদান দেয় সংস্থা। আর্থিক সহায়তা পাওয়া লোকজনকে প্রকল্প সংশ্লিষ্ট বিষয়ে রেড ক্রিসেন্টের উদ্যোগে নিয়মিত তদারকি করা হয়। ফলে দরিদ্র পরিবারগুলো সহায়তার টাকা ভিন্ন খাতে খরচ না করে স্বাবলম্বী হতে মনযোগী হয়। চন্দ্রঘোনা ইউপি সদস্য আবুল হাসেম জানান, ৩০ হাজার টাকা পেয়ে প্রথমে কিছু পরিবার ওই টাকা ব্যক্তিগত কাজে খরচ করে ফেলতে চেয়েছিল। কিন্তু তাদের কঠোর তদারকি ও ইউপি চেয়ারম্যানের আন্তরিকতার কারণে সুবিধাভোগীরা প্রকল্প সংশ্লিষ্ট কাজ করতে বাধ্য হয়।

রাঙ্গামাটি জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান বলেন, হতদরিদ্র এসব পরিবার স্বাবলম্বী হলে সেটাই হবে রেড ক্রিসেন্টের সবচেয়ে বড় পাওয়া। তাদের দেখাদেখি অন্য এলাকার দরিদ্র মানুষও নিজেদের স্বাবলম্বী করতে উৎসাহী হবে, দেশ থেকে ক্রমান্বয়ে এভাবেই দারিদ্র্য দূর হবে বলে তিনি মত দেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত