মাগুরার মহম্মদপুর উপজেলার রায়পুর গ্রামে নাজমুল মোল্যার বাড়িতে গত শুক্রবার রাতে অগ্নিকাণ্ডে ২৩ দিনের শিশু মৃত্যুর ঘটনা ঘটেছে। এ সময় ঘরের মধ্যে থাকা অপর শিশু মাসুরাকে (৬) দগ্ধ অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নাজমুল মোল্যার ভাই বাবলু জানান, শুক্রবার রাত ৯টার দিকে নাজমুল মোল্যার স্ত্রী ঘরের মধ্যে কেরোসিনের কুপি জ্বালিয়ে পাশের বাড়ি যান। এ সময় ঘরে আগুন লাগে যায়। বাড়িতে কেউ না থাকায় আগুন লাগার খুব অল্প সময়ের মধ্যেই তা সম্পূর্ণ ঘরে ছড়িয়ে পড়ে। এ সময় ঘরের মধ্যে থাকা মাসুরার চিৎকারে আশপাশের লোকজন বেড়া ভেঙে তাকে উদ্ধার করলেও ২৩ দিন বয়সী শিশু সামিউল অগ্নিদগ্ধ হয়ে মারা যায়। আগুনে ঘরে থাকা টাকাসহ যাবতীয় মালামালও পুড়ে যায়।] উপজেলা দমকলের টিম লিডার মুস্তাইন হোসেন জানান, কেরোসিনের ল্যাম্প থেকেই আগুনের সূত্রপাত ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ঘরের মধ্যে পাট থাকায় আগুন দ্রুত সময়ের মধ্যে ছড়িয়ে পড়েছে। মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক নিলুফা ইয়াসমিন জানান, মাসুরার শারীরিক অবস্থা আশঙ্কাজনক। আগুনে তার হাত-পা, পিঠ, ঘাড়সহ শরীরের প্রায় ৩০ শতাংশ পুড়ে গেছে।
×
