গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, ‘চট্টগ্রামে এসে প্রধানমন্ত্রী যদি হতাশ হন চট্টগ্রামে এত ফান্ড দিয়েও কোনো কাজ হয়নি, তখন তিনি মনোক্ষুণ্ন হবেন। প্রধানমন্ত্রীকে হতাশ করলে ক্ষতিগ্রস্ত হবে চট্টগ্রামের মানুষ। আমি চাই, উন্নয়ন প্রকল্পে যে যেখানে আছেন, সততা, আন্তরিকতা ও নিষ্ঠা এবং স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করবেন।’ শনিবার দুপুরে সিডিএর সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালাম। তিনি বলেন, কর্ণফুলী টানেলসহ সিডিএর কয়েকটি উন্নয়ন প্রকল্প উদ্বোধনের জন্য প্রধানমন্ত্রী চট্টগ্রামে আসবেন। শ ম রেজাউল করিম বলেন, ‘সিডিএর কর্মকা-সহ চট্টগ্রামের উন্নয়ন নিয়ে আমি একটা ধারণা নিয়েছি। চট্টগ্রামে এসেও আমার কিছু ধারণা হয়েছে। সেই জায়গায় আমি আরও বেশি কিছু প্রত্যাশা করি। তাই কাজের গতি বাড়াতে হবে এবং কাজের গতি বাড়াতে গিয়ে যদি কোনো প্রতিকূলতা থাকে, আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে।’
মন্ত্রী বলেন, ‘কিছু প্রকল্প ত্বরান্বিত করার জন্য সেনাবাহিনীকে দায়িত্ব দেওয়া হয়েছে। তাদেরও কাজের গতি বাড়াতে হবে। প্রতিটি প্রতিষ্ঠানের নিজস্ব কাজের পরিসর নির্ধারণ করা আছে। যার যার গন্ডির ভেতরে থেকে কাজ করতে হবে।’ সভায় বক্তব্য দেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. শহীদ উল্লা খন্দকার, সিডিএর বোর্ড সদস্যদের মধ্যে স্থপতি আশিক ইমরান, কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব ও জসিম উদ্দিন শাহ। এর আগে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী সকালে প্রথমবারের মতো চট্টগ্রাম সফরে এসে সিডিএর বাস্তবায়নাধীন আউটার রিং রোড, পতেঙ্গায় বিনোদনকেন্দ্র নির্মাণ প্রকল্প পরিদর্শন করেন।
